দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে সোচ্চার পিয়া জান্নাতুল

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল এবার দেশের চিকিৎসাব্যবস্থার বাস্তব চিত্র নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন। মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করে পরে অভিনয়ে নিজস্ব অবস্থান তৈরি করা এই অভিনেত্রী আইনি পেশার পাশাপাশি নিয়মিত অভিনয় করেও নিজের মেধার স্বাক্ষর রেখে চলেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের নামি হাসপাতালগুলোর সেবা ও ব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পিয়া জান্নাতুল। তিনি দীর্ঘ সময় হাসপাতালে অপেক্ষা, রোগীদের প্রতি কর্তৃপক্ষের উদাসীনতা এবং মানবিক আচরণের অভাবকে অত্যন্ত অমানবিক বলে মন্তব্য করেন।

পোস্টে অভিনেত্রী লেখেন, হাসপাতালে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা ব্যথা, দুশ্চিন্তা ও ক্লান্তি নিয়ে বসে থাকেন, অথচ কারও যেন কোনো মাথাব্যথা নেই। তিনি উল্লেখ করেন, কেউ শখ করে হাসপাতালে যায় না—সবাই যায় বাধ্য হয়ে এবং নিজের সুস্থতার প্রয়োজনে। অথচ তথাকথিত ‘বেস্ট’ হাসপাতালগুলোতেও সময়ের কোনো মূল্য নেই, যা তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে।

পিয়া জান্নাতুল আরও বলেন, পর্যাপ্ত অর্থ ব্যয় করেও রোগীরা সময়মতো সেবা ও প্রাপ্য সম্মান পাচ্ছেন না। তার মতে, এ কারণেই যাদের সামর্থ্য রয়েছে, তারা চিকিৎসার জন্য বিদেশমুখী হচ্ছেন। অভিনেত্রীর ভাষায়, “শুধু ভালো চিকিৎসার জন্য নয়, সম্মান আর মানবিক আচরণের আশাতেই মানুষ বিদেশে যেতে চায়।”

তিনি প্রশ্ন তোলেন, রোগী বলেই কি তার সময়ের কোনো দাম নেই? সামান্য মানবিক আচরণই অনেক পরিবর্তন আনতে পারে বলে মনে করেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, পিয়া জান্নাতুল একজন পেশাদার আইনজীবী হিসেবেও কাজ করেছেন। তিনি হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে আইন পেশায় যুক্ত ছিলেন।