দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি বিএনপি মহাসচিবের

নিজস্ব প্রতিবেদক:

চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে দ্রুত ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “দেশে ফ্যাসিস্ট শক্তি আবার জোটবদ্ধ হচ্ছে। গণতন্ত্রবিরোধী চক্রান্তে সক্রিয় হয়ে উঠেছে তারা। এই পরিস্থিতি মোকাবেলায় একটি গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দ্রুত আয়োজনের কোনো বিকল্প নেই।”

তিনি জানান, রাজনৈতিক সংস্কার ও নির্বাচন বিষয়ে প্রথম প্রস্তাব বিএনপিই দিয়েছে। তাই অযথা সময়ক্ষেপণ না করে, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “এই মুহূর্তে আমাদের সামনে একটি সুযোগ এসেছে। এটি হাতছাড়া হলে দেশ আরও বহু বছর পিছিয়ে যাবে। তরুণরা প্রতিবার রক্ত দিচ্ছে, আন্দোলন করছে—এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “নির্বাচনের সময় যত বিলম্বিত হচ্ছে, ততই গণতন্ত্রবিরোধী শক্তি সংগঠিত হচ্ছে। এতে জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে এবং নতুন করে অস্থিরতার আশঙ্কা বাড়ছে।”

তিনি আরো বলেন, “বিএনপির কোনো সশস্ত্র বিপ্লবের চিন্তা নেই। আমরা জনগণের সমর্থন নিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।”

সভায় তিনি দেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানান, যেন একটি সর্বজনগ্রহণযোগ্য রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে দেশ গঠনের পথ প্রশস্ত করা যায়।