অনলাইন ডেস্ক:
নতুন বছরের সূচনালগ্নে দাঁড়িয়ে বিষাদ, প্রাপ্তি আর আশার হিসাব মেলালেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার কাছে সদ্যবিদায়ী ২০২৫ সাল ছিল আবেগ ও অভিজ্ঞতার এক অদ্ভুত মিশ্রণ।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, এখনও প্রতিদিনই তিনি মায়ের কথা মনে করেন। “ভাবতেই পারি না যে মানুষটা আর নেই। আর কোনোদিন দেখতে পাব না,”—বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। অভিনেত্রীর ভাষায়, সেই বাস্তবতাটা যখনই উপলব্ধি করেন, তখন ভেতরটা ভেঙে যায়।
তবে বছরের শেষটা তিনি পরিবারকে ঘিরেই কাটাতে চান। ঋতুপর্ণা জানান, এবার তিনি ভিয়েতনামে পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তার কথায়, “একরাশ আশা নিয়ে চাই, এভাবেই আমরা সবাই বেঁধে বেঁধে থাকতে পারি।”
পেশাগত দিক নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। দীর্ঘ ১৪ বছর পর শর্মিলা ঠাকুরের বাংলায় কাজ প্রসঙ্গে তিনি বলেন, এই কাজটি যথাযথ স্বীকৃতি পাবে বলে তিনি আশা করেছিলেন। তবে মাঝেমধ্যে সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় মন খারাপও হয়েছে। তিনি বলেন, কাছের অনেক মানুষের জন্য ভাবলেও এবং কিছু করার চেষ্টা করলেও অনেক সময় প্রতিশ্রুতি রক্ষা না হওয়ার অভিজ্ঞতাও তার হয়েছে।
নতুন বছর নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে ঋতুপর্ণা বলেন, “ভালো যা কিছু আসবে, তা সাদরে গ্রহণ করব। শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও যেন ভালো কিছু করতে পারি, সেই ইচ্ছা আছে।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, বর্তমান সময় ও চারপাশের পরিবেশ অত্যন্ত সংবেদনশীল—এ কারণে আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজন রয়েছে।











