নিজস্ব প্রতিবেদক:
প্রবাসীদের সেবা নিশ্চিত না করে তাদের হেনস্তা করার অভিযোগ উঠেছে আওয়ামী স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ অভিযোগ করেন।
বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘‘বিভিন্ন দেশের মিশনেও আওয়ামী স্বৈরাচাররা প্রবাসীদের সঠিক সেবা দেয়নি। ফ্যাসিবাদের দোসররা আন্দোলনের সময় প্রবাসীদের হেনস্তা করেছে। আমাদের মিশনগুলোতে প্রবাসীরা প্রায়ই পাসপোর্টের জটিলতায় ভোগেন, এবং আমি অনেকবার অভিযোগ পেয়েছি। আমি আহ্বান জানাচ্ছি, প্রবাসীদের সেবা যেন কোনো বিলম্ব ছাড়াই নিশ্চিত করা হয়।’’
এসময় তিনি আন্দোলনের সময় প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘‘যারা জেল-জুলুমের ভয় না ভেবে জীবন ঝুঁকি নিয়ে বিদেশে আন্দোলন করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। দেশে যখন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল, আমরা কেউই আন্দোলন করতে পারছিলাম না, তখন প্রবাসী ভাইয়েরা জীবন বাজি রেখে আন্দোলন করে আন্তর্জাতিক মহলে দেশের পরিস্থিতি তুলে ধরেছেন।’’
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব আরো বলেন, ‘‘আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য একটি সুস্পষ্ট রূপরেখা চাই। নির্বাচন কমিশনের কাছে আমাদের এ দাবি রয়েছে। আমরা চাই প্রবাসীরা যেন তাদের ভোটাধিকার উপভোগ করতে পারে, এবং সরকার এর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।’’
তিনি প্রবাসীদের জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।











