জেলা প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ৯ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
সোমবার (৩ মার্চ) গভীর রাতে ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গোবিন্দ শীলের সেলুনের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং গোবিন্দ শীলের সেলুন, সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম, প্রদীপ সেলুনসহ মোট ৯টি দোকান পুড়ে যায়।
আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের মসজিদ থেকে মাইকিং করা হয় এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে যায়।
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর আগেই ৯টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, যার ফলে ব্যবসায়ীদের আনুমানিক ৯ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।











