নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (কুয়ালালামপুর সময় অনুযায়ী), বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
নোট বিনিময় চুক্তিসমূহ:
উচ্চশিক্ষা খাতে সহযোগিতা—স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো’ সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।
কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা—স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
হালাল ইকোসিস্টেমে সহযোগিতা—চুক্তি স্বাক্ষর করেন মালয়েশিয়ার উপমন্ত্রী ড. জুলকিফলি বিন হাসান ও বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
সমঝোতা স্মারক (MoU) সমূহ:
প্রতিরক্ষা সহযোগিতা—স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালিদ বিন নরদিন ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
এলএনজি ও জ্বালানি খাতে সহযোগিতা—স্বাক্ষর করেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী আমির হামজাহ বিন আজিজান ও বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম ফওজুল কবীর খান।
কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা—মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।
ব্যবসায়িক সহযোগিতা—মালয়েশিয়ার মাইমস সার্ভিসেস এসডিএন বিএইচডি (MSSB) ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BMCCI) এর মধ্যে।
বাণিজ্যিক চেম্বার পর্যায়ে সমঝোতা—মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (NCCIM) এবং বাংলাদেশের এফবিসিসিআইয়ের মধ্যে স্বাক্ষরিত হয়।
এই চুক্তিগুলো দুই দেশের মধ্যে শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, ব্যবসা-বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।











