ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিহত আল আমিনের মরদেহ ২২ ঘণ্টা পর হস্তান্তর

জেলা প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের মরদেহ ২২ ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সীমান্তের ২০৫০ নম্বর পিলারের সামনে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের। অন্যদিকে, বিএসএফের পক্ষে ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অজিত কুমারসহ বিএসএফের অন্যান্য সদস্যরা অংশ নেন।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, “এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং বিএসএফকে সতর্ক করা হয়েছে যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।”

কসবা থানার ওসি আব্দুল কাদের জানান, নিহত আল আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।