ভারত থেকে দেশে এলো আরও ৫ হাজার মেট্রিক টন তেল

নিজস্ব প্রতিবেদক:

দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে প্রতিবেশী ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল এসেছে। এতে চলতি এপ্রিলে এখন পর্যন্ত দুই দফায় মোট ১৩ হাজার টন ডিজেল দেশে পৌঁছেছে।

 

বিষয়টি নিশ্চিত করে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম জানান, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছেছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে ডিজেল সরবরাহের পাম্পিং কার্যক্রম শুরু হয়।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি এপ্রিল মাসে মোট ৪টি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আসার কথা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন এবং গতকাল ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। এর আগে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ৪টি চালানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ডিজেল এসেছে।

 

ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল পৌঁছায়। এরপর সেখান থেকে রিসিপ্ট টার্মিনাল থেকে জ্বালানি রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা এ তিন কোম্পানিতে এসব তেল সরবরাহ করা হয়।