নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কুয়ালালামপুরের পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
প্রধান উপদেষ্টার সম্মানে এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এতে দুই দেশের সরকারি পর্যায়ের প্রতিনিধি, মালয়েশিয়ার মন্ত্রিপরিষদের সদস্য এবং অধ্যাপক ইউনূসের সফরসঙ্গীরা অংশ নেন।
মধ্যাহ্ন ভোজ শেষে আয়োজন করা হয় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন। অধ্যাপক ইউনূস ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একসাথে অনুষ্ঠানটি উপভোগ করেন।
এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছালে অধ্যাপক ইউনূসকে স্কুল শিক্ষার্থীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
প্রসঙ্গত, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরে পৌঁছেন।










