অনলাইন ডেস্ক:
মিশরের রাজধানী কায়রোতে একটি ভবন ধসে পড়ার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষ জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার তৎপরতা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটলে ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং বেসামরিক প্রতিরক্ষা সংস্থা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
কায়রো শহরে প্রায় ২ কোটি ২৬ লাখ মানুষের বসবাস, এবং শহরটির অনেক পুরনো ভবন বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত কয়েক বছরে কায়রোতে একাধিক ভবন ধসে পড়েছে, যা সাধারণত অবহেলা এবং নির্মাণ নীতিমালা না মানার ফলস্বরূপ ঘটে থাকে।
এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে কায়রোর একটি ছয়তলা আবাসিক ভবন ধসে পড়লে আটজন নিহত এবং তিনজন আহত হয়েছিলেন। সে সময় ১৯৬০ এর দশকে নির্মিত ওই ভবনটির পুনরুদ্ধারের জন্য ১৯৯৩ সালে আদেশ জারি করা হয়েছিল, কিন্তু বাসিন্দারা ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন, ফলে এটি কার্যকর হয়নি।











