নিজস্ব প্রতিবেদক:
ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃত্ব শুক্রবার (৩১ জুলাই) এ সিদ্ধান্ত নেয়।
জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে নেওয়া এ সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সাজিদ আহমেদ মোল্লা শাবিপ্রবির কেমিক্যাল অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সম্প্রতি ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়ান্স অব বাংলাদেশ’ বা পুসাব নামের একটি ফেসবুক পেজ থেকে সাজিদের মেসেঞ্জারের কয়েকটি কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা হয়। তিন থেকে চারটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা শুরু হয়।
প্রকাশিত স্ক্রিনশটগুলোতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও কিশোরীদের নিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য এবং ধর্ষণের মতো বিষয় নিয়ে কথোপকথন দেখা যায় বলে সূত্রগুলোতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার বলেন, তারা বিষয়টি সম্পর্কে জানার পর কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করেন। পরে কেন্দ্র বিষয়টি যাচাই-বাছাই করে সাংগঠনিক নীতি ও মূল্যবোধের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সাজিদকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে ভাইরাল হওয়া কথোপকথন নিয়ে নিজের বক্তব্যও দিয়েছেন সাজিদ আহমেদ মোল্লা। তার ভাষ্য, স্ক্রিনশটটি সত্য হলেও কথোপকথনটি প্রায় এক বছর আগের এবং তার খালাতো ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত আলাপের অংশ।
সাজিদ বলেন, ব্যক্তিগত আলাপচারিতায় সমবয়সী হওয়ার কারণে অনেক সময় মজা করে বিভিন্ন ধরনের কথা হয়। তবে স্ক্রিনশট ভাইরাল করার পেছনে যে উদ্দেশ্যের কথা বলা হচ্ছে, তার সঙ্গে বাস্তব ঘটনার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
ছাত্রশক্তি থেকে অব্যাহতির বিষয়ে সাজিদ বলেন, সংগঠন তাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দিয়েছে এবং বিষয়টি তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট যার, তিনি মুঠোফোনে প্রক্টরের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা চেয়েছেন।
প্রক্টর বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ এলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে।











