নিজস্ব প্রতিবেদক:
লিবিয়ার বেনগাজী থেকে ১৪৫ অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় বুরাক এয়ার চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব অভিবাসনপ্রত্যাশী বেশিরভাগই অবৈধভাবে ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে মানবপাচারকারীদের সহায়তায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন।
দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদেরকে সতর্ক করেন, যাতে কেউ আর ওই বিপজ্জনক পথে লিবিয়া না যান। অভিবাসীদের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ছয় হাজার টাকা, খাদ্য, চিকিৎসা সেবা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একযোগে লিবিয়ার ডিটেনশন সেন্টারগুলোতে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করছে।











