সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান ফ্লাইট চালুর দাবিতে প্রবাসীদের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি:

সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু রাখার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। এ নিয়ে প্রবাসীরা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এবং বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র নেতারা এই দাবি জানান। সংগঠনের সভাপতি এম এ মুকিত ও সাধারণ সম্পাদক আশরাফ গাজী বলেন, “দীর্ঘদিন ধরে প্রবাসীরা সিলেটের ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখন সিলেট-ম্যানচেস্টার রুট বন্ধের ষড়যন্ত্র চলছে।”

তারা আরও বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু অসাধু চক্র সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধের অপচেষ্টা করছে, যা প্রবাসীদের জন্য চরম ভোগান্তির কারণ হবে। সেই সঙ্গে লন্ডন-সিলেট-লন্ডন ফ্লাইটের ভাড়া কমানোর প্রয়োজনীয়তার কথাও আমরা সরকারকে জানাচ্ছি।”

নেতৃবৃন্দ প্রবাসী কল্যাণের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারে অন্তত দু’জন প্রবাসী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান। তারা উল্লেখ করেন, “নতুন সরকারের কার্যক্রম জাতিসংঘের সমর্থন পেয়েছে, এবং প্রবাসীরাও সরকারের সব উদ্যোগের পাশে থাকতে চান।”

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, “স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে অনেক প্রবাসী রেমিট্যান্স পাঠানো বন্ধ রেখেছিলেন। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের পর তারা আবার অর্থ পাঠানো শুরু করেছেন, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।”

নেতৃবৃন্দ সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আরও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার দাবি জানান। তারা মনে করেন, এতে প্রবাসীরা সহজে এবং কম খরচে যাতায়াতের সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সম্পাদক বদরুজ্জামান সেলিম, কমিউনিটি নেতা আসাদুজ্জামান আহমেদ, নাট্যকার নুরুল আমিন, সমাজসেবী মো. আব্দুল ওয়াহিদ, লন্ডন-সিলেট ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের সম্পাদক কামাল হাসান জুয়েল, তরুণ সংগঠক দিলোয়ার হোসেন মামুন ও সাহেদ আহমদ প্রমুখ।