বৈশাখী আনন্দে ভরপুর ফাগুন অডিও ভিশনের ‘পাঁচফোড়ন’

অনলাইন ডেস্ক:

বাংলা নববর্ষ মানেই বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে এবারও ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে বৈশাখী বিশেষ অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’, যা প্রচারিত হবে সোমবার (১৪ এপ্রিল) রাত ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।

এবারের ‘পাঁচফোড়ন’-এর মূল আকর্ষণ টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার। নাট্যাংশে দেখা যাবে, নববর্ষের দিনে এক দম্পতি ফিরে তাকাচ্ছেন জীবনের পুরোনো স্মৃতির দিকে। কথোপকথনের ছলে দর্শকদের সামনে আসবে বৈশাখী গান, নাটক ও বৈচিত্র্যপূর্ণ প্রতিবেদন।

গান রয়েছে এবারে বিশেষ মাত্রায়।
“নবীনের ডাক এসো” শিরোনামের গানটি গেয়েছেন রবি চৌধুরী, গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান।
আর “পঞ্জিকাটা বদলে গেল” গেয়েছেন পান্থ কানাই, লিখেছেন লিটন অধিকারী রিন্টু।
দুই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।
বৈশাখের সুর আরও বর্ণিল করে তুলেছেন মোশাররফ হোসেন, যিনি গাছের পাতার মাধ্যমে সৃষ্টি করেছেন চমকপ্রদ সংগীত।

অনুষ্ঠানে থাকছে দুটি অনুসন্ধানী প্রতিবেদন—একটি সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড়ের হাট নিয়ে, যা বৈশাখী পোশাকের সবচেয়ে বড় উৎসব বাজার হিসেবে পরিচিত। অন্যটি ঝিনাইদহের চাপালী গ্রামের যুব সংঘ নিয়ে, যেখানে তরুণরা বেকার সময়কে রূপ দিয়েছেন সমাজসেবামূলক উদ্যোগে।

রসিকতা ও ব্যঙ্গের মিশ্রণে নির্মিত নাট্যাংশে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, শাহেদ আলী, সুজাত শিমুল, নজরুল ইসলাম সহ একঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী।

ফাগুন অডিও ভিশনের এই আয়োজন পরিবার নিয়ে বৈশাখী সন্ধ্যা উপভোগের জন্য উপযুক্ত একটি পূর্ণাঙ্গ বিনোদন প্যাকেজ, যেখানে আনন্দ, আবেগ আর সংস্কৃতি মিশে তৈরি হয়েছে এক বৈচিত্র্যময় অভিজ্ঞতা।