নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় বিএনপি একেবারেই সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে বিএনপির সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল। প্রতিনিধি দলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহম্মেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিএনপির উদ্বেগের বিষয়গুলো জানানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ। তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আমরা মনে করি দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে সংকট নিরসন প্রয়োজন।’
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি না জানালেও জানিয়েছেন, তিনি ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে চান। এ বিষয়ে বিএনপি একেবারেই সন্তুষ্ট নয় বলে স্পষ্ট জানান মির্জা ফখরুল। তার ভাষায়, ‘আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আরও খারাপের দিকে যাবে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।’
বৈঠকে চলমান সংস্কার প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। মির্জা ফখরুল জানান, ইতোমধ্যে বিএনপি তাদের মতামত দিয়েছে এবং সহযোগিতা করছে। আগামীকাল (১৭ এপ্রিল) এই সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তাদের একটি বৈঠক রয়েছে। তিনি বলেন, ‘আমরা বলেছি, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হবে, সেগুলো নিয়ে একটি চার্টার তৈরি করতে আমরা প্রস্তুত। এই চার্টারের ভিত্তিতে নির্বাচন আয়োজন সম্ভব। আর যেসব সংস্কারে ঐকমত্য গঠিত হবে, তা ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলোর মাধ্যমে বাস্তবায়ন হবে।’











