জাপানে চারদিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

চারদিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর হয়ে ঢাকা’র উদ্দেশ্যে টোকিও’র নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসস-কে জানান, প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীরা রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
২০টির বেশি কর্মসূচিতে অংশ, জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

সফরকালে অধ্যাপক ইউনূস টোকিওতে প্রায় ২০টির বেশি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সফরের তৃতীয় দিনে তিনি জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠকে উভয় নেতা চলতি বছরের মধ্যেই বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (EPA) স্বাক্ষরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া জাপানি প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নে মোট ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি দেন।

সফরে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তিপত্র বিনিময় হয়:

ডেভেলপমেন্ট পলিসি ঋণ (৪১৮ মিলিয়ন ডলার),

জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল-গেজ রেলপথ প্রকল্প (৬৪১ মিলিয়ন ডলার),

মানবসম্পদ উন্নয়ন বৃত্তি অনুদান (৪.২ মিলিয়ন ডলার)।

কর্মসংস্থান, শিক্ষা ও আঞ্চলিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি

বৃহস্পতিবার, টোকিওতে মানবসম্পদ সেমিনারে বাংলাদেশ ও জাপান দুইটি সমঝোতা স্মারক (MoU) সই করে, যা বাংলাদেশের কর্মশক্তির দক্ষতা উন্নয়ন ও জাপানে নিয়োগ নিশ্চিত করতে সহায়ক হবে। জাপানি কর্তৃপক্ষ জানান, তারা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে ১ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে।

একই দিন বাংলাদেশ বিজনেস সেমিনারে অধ্যাপক ইউনূস বক্তৃতা দেন, যেখানে অর্থনৈতিক, বিনিয়োগ ও সহযোগিতার ওপর ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সন্মানসূচক ডক্টরেট ও আঞ্চলিক কূটনৈতিক অঙ্গীকার

সফরের শেষভাগে অধ্যাপক ইউনূস টোকিওর সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন, যা তাকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের জন্য প্রদান করা হয়।

এছাড়া, তিনি ৩০তম নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া-তে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশকে আসিয়ান সদস্যপদে সমর্থনের আহ্বান জানান।

উল্লেখ্য, অধ্যাপক ইউনূস ২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তিনি ২৮ মে টোকিও পৌঁছান।