নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ বুধবার বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৫ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের সকল নাগরিককে প্লাস্টিক বর্জনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “প্লাস্টিক পরিবেশের বিষ। এটি কেবল মানুষ নয়, পৃথিবীর সকল প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। প্রতিদিন মানুষের সঙ্গে জনপ্রতি প্লাস্টিকের ব্যবহার বাড়ছে। তাই আসুন, আমরা আজ থেকে দৃঢ় সংকল্প করি, প্লাস্টিক বর্জন করব।”
অধ্যাপক ইউনূস আরও বলেন, “জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে। পরিবেশ ধ্বংস থেকে বিরত থাকতে হবে এবং পরিবেশ বিপর্যয় রোধ করতে পারলে আমরা সুন্দর পৃথিবী উপভোগ করতে পারব।”
তিনি বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের মারাত্মক ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর ব্যবহার বন্ধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন এবং বলেন, “দেশের প্রতিটি নাগরিক যদি সপ্তাহে অন্তত এক দিন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করে, তাহলে ক্রমান্বয়ে প্লাস্টিক ব্যবহারের পরিমাণ কমানো সম্ভব হবে।”
অধ্যাপক ইউনূস পলিথিন উৎপাদন বন্ধের প্রয়োজনীয়তাও উল্লেখ করেন এবং বলেন, “দৈনন্দিন জীবনযাপনে পরিবর্তন ছাড়া পরিবেশ বিপর্যয় রোধ করা সম্ভব নয়। তরুণ প্রজন্ম পরিবেশ সুরক্ষায় অগ্রণী ভূমিকা নিতে পারে।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা একটি সোনালু গাছ রোপণ করে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বক্তব্য রাখেন।











