নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানান, সোমবার (১৫ জুলাই) নয়াদিল্লিতে পৌঁছাবে এই আমের চালান। আমগুলো শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরেই নয়, বরং ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকদের কাছেও সৌহার্দ্য উপহার হিসেবে বিতরণ করা হবে।
এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই মৌসুমি উপহার পাঠাচ্ছে বাংলাদেশ। এর আগে গত বৃহস্পতিবার (১১ জুলাই) ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশিষ্টজনদের জন্যও ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠানো হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে, ৬০টি কার্টনে করে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আম উপহার কার্যক্রমটি পরিচালনা করেছে, যা এক ধরনের ‘আম কূটনীতি’ হিসেবে পরিচিত। প্রতিবছরই মৌসুমি সৌহার্দ্য উপহার হিসেবে ত্রিপুরার সরকারকে আম পাঠানো হয়ে থাকে। এর পাল্টা জবাবে ত্রিপুরা সরকার বাংলাদেশের জন্য বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস উপহার হিসেবে পাঠায়।
এই ঐতিহ্যবাহী বিনিময়কে দুই দেশের মধ্যে হৃদ্যতা ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।











