নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার কাঠেরপুল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মীর (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে এ ঘটনা ঘটে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সাবরিনা কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে থাকতেন। ভোর সাড়ে ৪টায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে সাবরিনা আত্মহত্যা করে থাকতে পারেন।
সাবরিনার সহপাঠী আলী কাজী বলেন, “ভোর চারটার দিকে জানতে পারি শাম্মি আত্মহত্যা করেছে। এরপর আমরা দ্রুত তার মেসে যাই। সেখানে তার বুয়েটে পড়ুয়া বয়ফ্রেন্ডও উপস্থিত ছিল। তিনি অনেক কান্নাকাটি করে চলে যান।”
সাবরিনা রহমান শাম্মি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছার নারানপুরে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।











