নিজস্ব প্রতিবেদক :
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কাছে জবাবদিহি না থাকার কারণেই গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। তিনি বলেন, ‘‘এতদিনে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত আসল, কারণ সরকারের কোনো জবাবদিহি নেই। ১২ কেজি গ্যাস সিলিন্ডারের মূল্য ১৯ টাকা বাড়ানোর মতো সিদ্ধান্ত গ্রহণ করা, যেখানে সীমিত আয়ের মানুষ, সিএনজি চালক, রিকশাচালক, দিনমজুরি করে জীবিকা নির্বাহকারী মানুষের ওপর ভয়ঙ্কর চাপ পড়বে। এই মূল্যবৃদ্ধি অযৌক্তিক এবং গণবিরোধী।’’
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী আরও বলেন, ‘‘গণতান্ত্রিক দল হিসেবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করি, কিন্তু সরকারের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়, গরীব মানুষকে মারার সিদ্ধান্ত যেন না হয়। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম প্রতিদিন বাড়ছে, চালের দাম কমাতে পারেনি সরকার, তার মধ্যে যদি গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে সেটি মড়ার উপর খাঁড়ার ঘা ছাড়া আর কিছুই হবে না।’’
তিনি বলেন, ‘‘শেখ হাসিনা দেশের জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছিলেন, সেই ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। দেশের জনগণই নির্ধারণ করবে কে সরকার গঠন করবে। কিন্তু শেখ হাসিনা জনগণের মতামতকে উপেক্ষা করে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করেছেন।’’
এছাড়া, তিনি রাজনৈতিক সরকারের দাবি তুলে বলেন, ‘‘দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় অর্থনৈতিক খাতে বিনিয়োগ বিঘ্নিত হচ্ছে। জনগণ বর্তমানে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই অনিশ্চয়তা দূর করতে হলে অবশ্যই নির্বাচিত সরকারের পথে হাঁটতে হবে।’’
এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল এবং সহ-অর্থ সম্পাদক মাহমুদুর রহমান।











