অনলাইন ডেস্ক:
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে রাজনপুর জেলার রোজহান তহসিলের বাংলা হিদায়াত এলাকায় ইন্দুস মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৪ জন যাত্রী। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও একটি শিশু রয়েছে।
উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতগতিতে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’। সংস্থাটির ৩৫ জন কর্মী ১০টি অ্যাম্বুলেন্স ও দুটি বিশেষ ইউনিটের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালান।
আহতদের মধ্যে ৩৮ জনকে রাজনপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ডেরা গাজি খান এবং রহিম ইয়ার খানের শেখ জায়েদ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এর আগে গত আগস্ট মাসে বেলুচিস্তান প্রদেশে অতিরিক্ত যাত্রী বহনকারী একটি বিয়ের বাস উল্টে দুইজন নিহত ও ৪২ জন আহত হয়েছিলেন।











