অনলাইন ডেস্ক:
সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির মামলার আইনি জটিলতা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ‘ঠগ’ সুকেশের কাছ থেকে দামি উপহার গ্রহণের অভিযোগে অতীতে একাধিকবার ইডি এবং দিল্লি পুলিশের ম্যারাথন জেরার মুখোমুখি হতে হয়েছে এই তারকাকে।
এই সংক্রান্ত মামলায় এবার বলিউড সুন্দরীকে নতুন করে সমন পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।
চলতি বছরের আগস্ট মাসেই সুকেশ চন্দ্রশেখরের হাতে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসে, যেখানে ‘দিলবর গার্ল’ নোরাকে নিয়ে বিস্ফোরক সব তথ্য ফাঁস করেছিলেন তিনি। ওই চিঠিতে একাধিক গুরুতর অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল।
কারাবন্দি ‘ঠগ’ সুকেশের দাবি ছিল, মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য তিনি নোরা ফাতেহিকে কোটি কোটি টাকা দিয়েছিলেন। এছাড়াও নোরাকে দেওয়া উপহারের তালিকায় রয়েছে বহুমূল্য প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে বিদেশি ব্র্যান্ডের ব্যাগ এবং বিলাসবহুল গাড়ি। এমনকি সেই সময়ে দুজনের হোয়াটসঅ্যাপ চ্যাটের কথোপকথনও ফাঁস করেছিলেন সুকেশ।
তিনি আরও দাবি করেছিলেন যে, জ্যাকলিনের সঙ্গে তার সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য নোরা ফাতেহি তাকে প্রতিনিয়ত উসকানি দিতেন। সুকেশের অভিযোগ, জ্যাকলিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নোরা বেজায় ঈর্ষান্বিত ছিলেন এবং বারবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতেন। শুধু তাই নয়, দিনে প্রায় দশবার ফোন করে বিলাসবহুল জীবনযাপনের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করতেন নোরা।
সেই সব ঘটনার প্রেক্ষিতেই এবার বহুল আলোচিত সুকেশ মামলায় আগামী ২ নভেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে নোরা ফাতেহিকে ‘সরকারি সাক্ষী’ হিসেবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।











