ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বিকেলে কসবা উপজেলার কদমতলী এলাকায় এই আকস্মিক সংঘর্ষ বাধে।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। স্থানীয়ভাবে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে স্থানীয় আড়াইবাড়ি দরবার শরীফের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। ওই মিছিলে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলটি নির্ধারিত রুট ধরে কসবা উপজেলার কদমতলী মোড় এলাকায় গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছিল।
ঠিক সেই মুহূর্তে স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির অপর একটি গ্রুপ কদমতলী এলাকায় এসে পৌঁছায়। এরপর দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যেই তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষ সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। এতে গোটা কদমতলী এলাকজুড়ে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।
ঘটনাস্থল ও সার্বিক পরিস্থিতি নিয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ জানান, বিএনপির দুটি পক্ষ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপির দুই পক্ষই পৃথক কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছিল। উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা বললেও পরবর্তীতে তারা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
