ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, শেখ হাসিনাকে প্রশ্ন রিজভীর

প্রকাশিত: 9 November 2026, 2:00 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

শহীদের রক্ত শুকানোর আগেই শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরার হুংকার দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরতেই পারেন, তবে তার প্রতিটি হত্যার বিচার এই মাটিতেই নিশ্চিত করা হবে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকার নয়াপল্টনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার সম্ভাব্য দেশের ফেরা প্রসঙ্গে প্রশ্ন রেখে রিজভী বলেন, উনি নাকি আগামী ডিসেম্বরেই চলে আসবেন! তাহলে আবু সাঈদদের যারা শহীদ করলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করালেন—সেই অপরাধ, সেই পাপ এবং এই হত্যার কি কোনো বিচার হবে না? মাঝে মাঝে শোনা যাচ্ছে ভারত থেকে নেমে পড়বেন? আসলে কোথায় নামবেন? প্যারাশুটে নামবেন, নাকি হেলিকপ্টারে? ঢাকায় নামবেন, না কি গোপালগঞ্জে? একটু পরিষ্কার করে বলে দিন?

আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে ছাত্র, তরুণ, শ্রমিক ও রিকশাচালকসহ এ দেশের সাধারণ মানুষ নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে তার পতন ঘটিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের সফল অভ্যুত্থানের পেছনের মূল প্রেরণা ছিল ১৯৭০-এর দশকের ৭ নভেম্বর। ওই দিন যেভাবে দেশের মানুষ জেগে উঠেছিল, ঠিক একইভাবে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাইয়েও আপামর জনসাধারণ জেগে উঠেছিল। এ দেশের জাতীয়তাবাদী শক্তির প্রতিটি কর্মী ৭ নভেম্বরের সেই চেতনা বুকে ধারণ করে এখনো অতন্দ্র প্রহরীর মতো রাজপথে সজাগ ও সতর্ক আছেন। এই দেশকে কোনো পরাশক্তির সেবাদাস হতে দেওয়া হবে না বলে দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন তিনি।

দলের রাজনৈতিক আদর্শ নিয়ে আলোচনা করতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতি অত্যন্ত সহজ-সরল ও সিরাতুল মুস্তাকিমের রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কাছে দেওয়া তাদের রাজনৈতিক অঙ্গীকার কখনো ভঙ্গ করেননি। একইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার প্রতিশ্রুতি থেকে একচুলও সরে আসেননি। তবে পরিতাপের বিষয় হলো, বর্তমানে কিছু রাজনৈতিক দল ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করলেও সামান্য স্বার্থের জন্য কথায় কথায় তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে চলেছেন।

মন্তব্য করুন