প্রথমবার ‘কফি উইথ করণ’-এ সিদ্ধার্থ-কিয়ারা, আসছে দ্বিতীয় সন্তান!
অনলাইন ডেস্ক:
বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি প্রথমবারের মতো একসঙ্গে হাজির হচ্ছেন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে। এই আসরে নিজেদের দাম্পত্য জীবন, বিয়ের স্মৃতি ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলবেন তারা, তবে এবারের পর্বে সবচেয়ে বেশি নজর কেড়েছে কিয়ারার দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবর।
অনুষ্ঠানের প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, সঞ্চালক করণ জোহর সিদ্ধার্থ ও কিয়ারাকে তাদের ডেট নাইট নিয়ে প্রশ্ন করেন এবং জানতে চান তাদের একান্ত সময় কি শুধু খাবার খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে? এর জবাবে নিজের বেবি বাম্পে হাত রেখে কিয়ারা রসিকতা করে বলেন, ‘আব বাস হো গয়া!’ অর্থাৎ, ‘এবার যথেষ্ট হয়েছে!’ তার এমন উত্তরে হেসে ওঠেন সিদ্ধার্থ ও করণ।
বর্তমানে কিয়ারা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন এবং অনুষ্ঠানের প্রচারণায় তার বেবি বাম্প স্পষ্ট দেখা গেছে। তারকা এই দম্পতির এমন মজার কথোপকথন ইতিমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
শুধু দাম্পত্য জীবন নয়, আলাপচারিতায় নিজেদের বিয়ের স্মৃতিও ভাগ করে নেন সিদ্ধার্থ-কিয়ারা। এ সময় অভিনেতা শাহিদ কাপুরকে ঘিরে একটি মজার ঘটনার কথা জানান তারা, যেখানে বিয়ের অনুষ্ঠানে নাচের পরিবেশনার সময় শাহিদ মঞ্চে যোগ দিতে চাইলে করণ জোহর মজা করে তাকে মঞ্চ থেকে সরিয়ে দিয়েছিলেন।
অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনে কোনো চরিত্রে অভিনয়ের ইচ্ছা আছে কি না, এমন প্রশ্নও করেন সঞ্চালক করণ জোহর। এর জবাবে সিদ্ধার্থ রসিকতা করে বলেন যে, তারা নিজেদের পেশাগত জীবনকে ব্যক্তিগত জীবনের সঙ্গে মেলাতে চান না এবং এমনকি শোবার ঘরেও কাজ নিয়ে যেতে চান না বলে মন্তব্য করেন তিনি।
আলোচিত ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের এই বিশেষ পর্বটি বুধবার সন্ধ্যা ৭টায় জিওহটস্টারে প্রচারিত হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে জমকালো আয়োজনে বিয়ে করেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মাঝে পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল এবং এই দম্পতির প্রথম সন্তান কন্যাসন্তান সারায়াহর জন্ম হয় ২০২৫ সালে, যার ধারাবাহিকতায় এবার তারা দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন।
