ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম: কেনিয়ার গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা

প্রকাশিত: 11 November 2026, 9:20 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

সৌদি আরবে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সন্তান জন্ম দেওয়ার দায়ে এসথার ওয়ানজা মুথোনি নামের কেনিয়ার এক গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। এই কঠোর শাস্তির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন, যারা একে ‘সহিংসতার ঘটনা’ হিসেবে অভিহিত করেছে।

বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

সৌদি আরবের শরিয়াহভিত্তিক আইন অনুযায়ী বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক একটি গুরুতর অপরাধ। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এই ধরনের অপরাধের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরাই অসমভাবে বেশি শাস্তির মুখোমুখি হচ্ছেন।

সৌদি আরবে অবিবাহিত নারীদের সন্তান জন্ম দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হাসপাতালগুলোর জন্য বাধ্যতামূলক। কেনিয়ার নাগরিক মুথোনির ক্ষেত্রেও হাসপাতালে সন্তান প্রসবের কারণেই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ‘ডু বোল্ড’-এর প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোভার মতে, ‘তাদের অধিকাংশই বাড়িতে সন্তান জন্ম দেন। এ কারণে তাদের বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয় না।’

সাজাপ্রাপ্ত এসথার ওয়ানজা মুথোনি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং গৃহপরিচারিকা ও শিশুর দেখাশোনার দায়িত্বে ছিলেন। জানা গেছে, এক মিসরীয় পুরুষের সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কের জেরে তিনি অন্তঃসত্ত্বা হন। মুথোনির ভাষ্যমতে, সন্তানের বাবা এরই মধ্যে সৌদি আরব ছেড়ে চলে গেছেন।

২০২৪ সালে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায়, বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের কারণে গ্রেফতারের ভয়ে সন্তানের বাবারা দেশ ছেড়ে চলে যাওয়ায় সৌদি আরবে কেনিয়ার বেশ কয়েকজন অবিবাহিত মা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

গত মাসে আদালতের দেওয়া রায়ের পর মুথোনি নিউইয়র্ক টাইমসকে বলেন, ১০০ বেত্রাঘাতের এই শাস্তি তিনি সহ্য করতে পারবেন কি না, তা নিয়ে তিনি অত্যন্ত ভীত। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমি এই শাস্তির যোগ্য নই।’

উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিলে সৌদি আরব বিচারিক শাস্তি হিসেবে বেত্রাঘাত বন্ধের সংস্কার ঘোষণা করেছিল। তবে সেই সংস্কার শুধু ‘তাজির’ অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, যেখানে বিচারকেরা শাস্তি নির্ধারণের ক্ষেত্রে কিছুটা স্বাধীনতা পান।

২০২১ সালে প্রকাশিত আলকুস্তের এক প্রতিবেদন অনুযায়ী, বেত্রাঘাতের অধিকাংশ সাজা তাজির অপরাধের আওতায় পড়লেও ইসলামী আইনে নির্ধারিত শাস্তি বা ‘হুদুদ’ অপরাধের ক্ষেত্রে এটি এখনো বহাল রয়েছে। মদ্যপান ও ব্যভিচারের মতো অপরাধে বেত্রাঘাত তখনো সম্ভাব্য শাস্তি হিসেবে রয়ে গেছে।

এই পুরো বিষয়টি নিয়ে মন্তব্য জানতে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

মন্তব্য করুন