ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

‘কলঙ্কিত সাবেক নেতা’ শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা করছেন: গার্ডিয়ান

প্রকাশিত: 11 November 2026, 9:20 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সব প্রতিকূলতা সত্ত্বেও তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা বেশ ‘আত্মবিশ্বাসী’। ভারতে নির্বাসিত আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, আগামী মাসেই তিনি বাংলাদেশে ফিরতে পারেন।

২০২৪ সালের আগস্ট মাসে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে তীব্র গণ-অভ্যুত্থান শুরু হলে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর তিনি সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান এবং তখন থেকেই দিল্লিতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে। ওই দমন-পীড়নে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন এবং আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

শেখ হাসিনার দেশে ফেরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি রয়েছেন। দেশে ফিরলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতারের সম্ভাবনা রয়েছে।

গত আগস্ট মাসেই প্রথমবার দেশে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন শেখ হাসিনা। চলতি সপ্তাহে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নির্বাসিত নেতারা গার্ডিয়ানকে নিশ্চিত করেছেন যে, আগামী মাসে ফেরার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। তার ফেরার প্রস্তুতির অংশ হিসেবে দলের বেশ কয়েকজন নেতা ইতোমধ্যে দেশে ফিরেছেন বলেও তারা জানিয়েছেন।

সোমবার শেখ হাসিনার পক্ষে দায়িত্ব পালনকারী একজন ব্রিটিশ আইনজীবী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে দ্রুত নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে, যার একটি কপি গার্ডিয়ানের হাতে এসেছে।

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন, কারণ তিনি সত্যিই দেশে ফিরতে চান।’

শেখ হাসিনাকে দণ্ড দেওয়ার পর থেকেই তাকে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ প্রয়োগ করে আসছে বাংলাদেশ সরকার। তবে ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভারত সরকার বাংলাদেশের এই দাবি এখন পর্যন্ত উপেক্ষা করে আসছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে।

মন্তব্য করুন