টানা ৯ দফা পতনের পর স্বর্ণের দাম বাড়ল, ভরিতে ৩,১৪৯ টাকা
অনলাইন ডেস্ক:
টানা নয় দফা দাম কমার পর দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে রোববার পর্যন্ত এ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৯২৫ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। সোমবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানিয়েছে, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এর আগে গত ২১ নভেম্বর রাতে ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা করা হয়েছিল। গত ৬ নভেম্বর থেকে টানা নয় দফায় মোট ৩৪ হাজার ৭০০ টাকা কমেছিল স্বর্ণের দাম।
