নেপালে শক্তিশালী ভূমিকম্প, বাংলাদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত
অনলাইন ডেস্ক:
মঙ্গলবার সকালে কেঁপে উঠল নেপাল — আর সেই কম্পন টের পাওয়া গেল বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তিব্বত সীমান্তের কাছে তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকায় সকাল ৭টা ১৭ মিনিটে ৫.৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। রাজধানী কাঠমান্ডু ও নেপালের পশ্চিমাঞ্চলেও কম্পন অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অবশ্য ভূমিকম্পটির মাত্রা ৫.৩ রেকর্ড করেছে। অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, সকাল ৭টা ৩২ মিনিটে রেকর্ড করা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রও মাত্রা ৫.৩ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে জানিয়েছে।
বাংলাদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
