ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন ও অস্ত্রসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: 24 November 2026, 12:57 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

রাজশাহী নগরী ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, আগ্নেয়াস্ত্র ও নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (২৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব মাদক ও অস্ত্র উদ্ধারের তথ্য বিস্তারিত তুলে ধরেন এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী ও আব্দুর রহিম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অস্ত্র কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে পূর্বেও তিনটি মামলা রয়েছে।

অন্যদিকে, সোমবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসআরবি। সেখানে ময়না বেগম ও শাহাদাত হোসেন নামের সহোদর ভাই-বোনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসার সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াও একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে এসআরবি-৫-এর অধিনায়ক আরও জানান, বিগত ছয় মাসে বাহিনীটি অভিযান চালিয়ে প্রায় ১৭টি অবৈধ অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধারসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে প্রায় ৪০ কেজি হেরোইন, ৫ হাজার বোতল ফেনসিডিল, ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন