ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

প্রকাশিত: 24 November 2026, 10:09 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর স্পেশাল ফোর্সের প্রথম যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিন বাহিনীর সক্ষমতা পর্যবেক্ষণ শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ এক নতুন অধ্যায় রচিত হলো। এই ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। জাতির ইতিহাসে এটিই সর্বপ্রথম যৌথ সামরিক মহড়া, যেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্স একসঙ্গে মহড়া সম্পন্ন করল।’

সরকারপ্রধান আরও উল্লেখ করেন, ‘আজকের এই মহড়া বিশ্বের দরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত। এই উদ্যোগের পেছনের দূরদর্শী চিন্তা সরকারের সামরিক আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির অঙ্গীকারের স্পষ্ট প্রতিফলন।’ সশস্ত্র বাহিনী জাতির গর্বের প্রতীক উল্লেখ করে আগামীতে যেকোনো সংকটে তারা অবিচল দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে প্রতীকী এই যুদ্ধক্ষেত্র পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা। সশরীরে যুদ্ধক্ষেত্রে উপস্থিত সরকারপ্রধানের সামনে নিজেদের সর্বাধুনিক সামরিক সক্ষমতা তুলে ধরেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। পরিদর্শনকালে সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে নিজেই সামরিক যান চালিয়ে মহড়া এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং মন্ত্রিসভার কয়েকজন সদস্য তাঁর সঙ্গে ছিলেন।

ত্রিমুখী এই যৌথ মহড়ার মূল প্রেক্ষাপট ছিল খনিজসম্পদে ভরপুর স্বর্ণদ্বীপকে শত্রুপক্ষের দখল থেকে মুক্ত করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমানা পুনরুদ্ধারে স্থল, নৌ ও আকাশপথে একযোগে শত্রুর শক্ত ঘাটি গুঁড়িয়ে দেওয়ার রোমাঞ্চকর সামরিক কসরত প্রদর্শন করেন সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত সদস্যরা। মহড়ায় আকাশ থেকে প্যারা-কমান্ডোদের অবতরণ ও শত্রুর ঘাঁটি নিশানা করে বিমানবাহিনীর নিখুঁত আক্রমণের চিত্র ফুটে ওঠে।

পাশাপাশি নৌ-কমান্ডোদের দুঃসাহসিক অভিযান এবং স্থলপথে শত্রুর ব্যূহ ভেদ করার নৈপুণ্য দেখান সেনাসদস্যরা। ঐতিহাসিক এই অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়। উল্লেখ্য, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপে সেনাবাহিনী দীর্ঘ দিন ধরে তাদের প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে।

মন্তব্য করুন