ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

কনস্টেবল হত্যা: রাতভর অভিযানে ৬ জন গ্রেফতার

প্রকাশিত: 25 November 2026, 12:29 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে গ্রেফতারকৃত একজন পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালিয়ে ছয়জনকে পাকড়াও করা হয়। তাদের মধ্যে একজনকে মুন্সীগঞ্জ থেকে এবং বাকিদের ফতুল্লার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এ ঘটনায় বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে। চারজনকে গ্রেফতারের পর তাদের মধ্যে একজন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তার পায়ে গুলি করে। তাছাড়া, এই অভিযান পরিচালনার সময় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন।

অন্যদিকে, পুলিশের পাশাপাশি এসআরবি পৃথক অভিযান চালিয়ে আদর ও আজাদ নামের আরও দুইজনকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, এর আগে গত ২২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়েছিলেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল। সে সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন (৩২) নিহত হন। তবে এএসআই সাত্তার দৌড়ে পালিয়ে নিজের জীবন রক্ষা করতে সক্ষম হন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকার মাদক চোরাকারবারিরাই এই হামলা চালায়। এ ঘটনায় পরদিন ফতুল মডেল থানার এসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা ও পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মন্তব্য করুন