পোশাক শ্রমিকদের মজুরি বাড়লো ৩৬ থেকে ৪৩ শতাংশ
নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, সর্বশেষ বেতন বৃদ্ধির মাত্র তিন বছরের মাথায় গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত নিম্নতম মজুরি বাড়ানো হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, বর্ধিত মূল বেতনের পাশাপাশি শ্রমিকরা নিয়মিত ওভারটাইম ও বোনাসও পাবেন, যা তাদের মাস শেষে মোট আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
মাহ্দী আমিন তার স্ট্যাটাসে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সাফল্যের পেছনে শ্রমিকদের নিরলস পরিশ্রম ও ত্যাগের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে আমাদের সক্ষমতার প্রতীক। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি ও উন্নত জীবনমান নিশ্চিত করা কেবল অর্থনৈতিক নয়, বরং একটি নৈতিক দায়িত্ব। এই দায়বদ্ধতা থেকেই মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে নতুন এই মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-১ এর সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার ও সংশ্লিষ্টদের মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার ৫০০ টাকা (৪৩ শতাংশ বৃদ্ধি)। গ্রেড-২ এর শ্রমিকদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা (৪০.১১ শতাংশ বৃদ্ধি)। এছাড়া গ্রেড-৩ এর শ্রমিকদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯ হাজার ২০০ টাকা (৪১.৭০ শতাংশ বৃদ্ধি) এবং সর্বনিম্ন গ্রেড-৪ এর শ্রমিকদের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭ হাজার টাকা (৩৬ শতাংশ বৃদ্ধি)।
উপদেষ্টা মাহ্দী আমিন আরও বলেন, শিল্পের সমৃদ্ধি ও শ্রমিকের কল্যাণ একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী শিল্পখাতই দীর্ঘমেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারে। তিনি এমন একটি শিল্প পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে উদ্যোক্তারা বিনিয়োগে আস্থা পাবেন এবং শ্রমিকরা তাদের প্রাপ্য মর্যাদা ও অধিকার নিয়ে কাজ করতে পারবেন।
সবশেষে, নতুন মজুরি কাঠামো নির্ধারণে ভূমিকা রাখা মজুরি বোর্ডসহ সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানান মাহ্দী আমিন। তিনি শ্রমিক ও মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানি বা অপপ্রচারে কান না দিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখুন। শ্রমিক-মালিকের এই সম্মিলিত প্রচেষ্টাই আগামীর স্বনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
