রামগঞ্জে সড়কের পাশে পার্ক করা বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন হেলপার
অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্ক করে রাখা একটি বাস আগুনে পুড়ে গেছে। ফজরের নামাজ আদায় করতে বাস থেকে নেমে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে যাওয়ার পাশাপাশি পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির মালিক কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। রাতে চালক মমিন হোসেন বাসটি সড়কের পাশে পার্কিং করে চলে যান। এ সময় বাসের হেলপার হেলাল ভেতরেই ঘুমিয়ে ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরেও তিনি ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটি পুড়ে যায়। রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, বাসের একটি সিটের ওপর কয়েল দেখতে পাওয়া গেছে। এ কারণে প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাসমালিক আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে তার বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। পাশের দোকানের মালিক ইউছুফ আলী বাবু বলেন, বাসটি সেখানে পার্কিং করতে নিষেধ করা হলেও চালক তা শোনেননি। অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আগুন লাগার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
