ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মজুরি অসন্তোষ থামেনি: গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, আশুলিয়ায় ৭ কারখানায় কর্মবিরতি

প্রকাশিত: 26 November 2026, 11:55 am
ফন্ট:

অনলাইন ডেস্ক:

নতুন ন্যূনতম মজুরি ঘোষণার পরদিনও শিল্পাঞ্চলে অসন্তোষ থামেনি। বৃহস্পতিবার সকালে গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা হলে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। আর সাভার-আশুলিয়ায় আরও সাতটি কারখানায় চলছে কর্মবিরতি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে একদল শ্রমিক মিছিল নিয়ে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে প্রায় ২০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, খোলা থাকা কারখানাগুলোতে শ্রমিকেরা শৃঙ্খলাবদ্ধভাবে কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন শান্তিপূর্ণভাবে চলছে। জেলার শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

অসন্তোষের আশঙ্কায় বৃহস্পতিবার গাজীপুরের কোনাবাড়ী ও পল্লী বিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানায় নতুন করে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, বৈরাগীর চালা ও কেওয়া এলাকার বেশ কয়েকটি কারখানায় তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে সকাল ৯টায় শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আজ সকাল থেকে সাতটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। শ্রম আইনের ১৩(১) ধারায় আগে বন্ধ ঘোষণা করা ২২টি কারখানা আজও বন্ধ রয়েছে। এর বাইরে সচল থাকা অধিকাংশ কারখানায় স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে। সকাল ৯টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শ্রমিকদের প্রত্যাশা আর ঘোষিত মজুরির ব্যবধানকে কেন্দ্র করেই এই অসন্তোষ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার ভোরে মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণা করে। আন্দোলনরত শ্রমিকদের দাবি ছিল ৩০ হাজার টাকা।

মন্তব্য করুন