শিশুদের পুষ্টি নিশ্চিতে দুধ উৎপাদনে জোর খাদ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক:
‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজের কার্যালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জ জেলায় আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
উদ্বোধনী বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ ইতিমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও শিশুদের পুষ্টির চাহিদা মেটাতে দুধের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতের আধুনিকায়নে গবাদিপশুর জাত উন্নয়নসহ নানা উদ্যোগ নিয়েছে। প্রাণিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু এবং কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া তরুণ উদ্যোক্তাদের এই খাতে সম্পৃক্ত করে কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
মানিকগঞ্জ জেলার প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে খাদ্যমন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও পুষ্টি চাহিদা পূরণে গবাদিপশু, হাঁস-মুরগি ও ছাগল-ভেড়া পালনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। এছাড়া পশুপাখির রোগ নির্ণয়ে ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও বেশ প্রশংসনীয়।
তিনি সাটুরিয়া উপজেলার তরুণ উদ্যোক্তা জাবেদ হোসেনের ভূয়সী প্রশংসা করে বলেন, শুষ্ক মৌসুমে কাঁচা ভুট্টার ঘাস প্রক্রিয়াজাত করে সাইলেজ তৈরির মাধ্যমে তিনি পশুখাদ্য সরবরাহে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমন উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করা প্রয়োজন। এছাড়া সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা ডেইরি হাবের মাধ্যমে দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের উদ্যোগকেও তিনি স্বাগত জানান।
খাদ্যমন্ত্রী বলেন, এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের আরও বড় অগ্রগতি সম্ভব। মানিকগঞ্জকে প্রাণিসম্পদ খাতের একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমি খানম এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান। এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জ শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যেখানে বিপুলসংখ্যক খামারি, কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।
