৮ হাজার কোটি টাকায় জ্বালানি তেল কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক:
২০২৭ সালের প্রথমার্ধের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বিশাল পরিমাণ তেল আমদানিতে ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। চারটি পৃথক প্যাকেজের আওতায় ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানি করা হবে। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এই জ্বালানি তেল আমদানি করা হবে। এর মধ্যে তিনটি প্যাকেজের জ্বালানি তেল সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড। অন্য প্যাকেজে অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। আমদানির তালিকায় রয়েছে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন।
বিপিসির প্রস্তাব অনুযায়ী, প্যাকেজ পিজি-০৩-এর আওতায় ৬০ হাজার টন ডিজেল আমদানিতে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা ব্যয় হবে, যেখানে প্রতি ব্যারেলে প্রিমিয়াম ১৬ দশমিক ৯৩ ডলার। প্যাকেজ পিজি-০৪-এর আওতায় আরও ৯০ হাজার টন ডিজেল আমদানিতে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা ব্যয় হবে, যার প্রিমিয়াম প্রতি ব্যারেলে ১৭ দশমিক ৪৫ ডলার। উভয় প্যাকেজেই সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পেয়েছে ট্রাফিগুরা।
এছাড়া প্যাকেজ পিজি-০৫-এর আওতায় ৩ লাখ ৫০ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল আমদানিতে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে, যেখানে প্রতি ব্যারেলে প্রিমিয়াম ৬৯ দশমিক ৮২ ডলার। এই প্যাকেজেও সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরাকে নির্বাচন করা হয়েছে। অন্যদিকে, প্যাকেজ পিজি-০৬-এর আওতায় ১ লাখ ২৫ হাজার টন অকটেন আমদানিতে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে। প্রতি ব্যারেলে ১৭ দশমিক ৩৬ ডলার প্রিমিয়ামে এই অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর।
বিপিসি সূত্রে জানা গেছে, দেশের মোট জ্বালানি তেলের ৫০ শতাংশ সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হয়। ২০২৭ সালে জিটুজি পদ্ধতিতে ৩৩ লাখ ৩৫ হাজার টন এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সমপরিমাণ জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে আগামী বছর ৬৬ লাখ ৭০ হাজার টন জ্বালানি তেল আমদানি করবে বিপিসি।
আমদানির এই অর্থের সংস্থান বিপিসির নিজস্ব বাজেট, জ্বালানি তেল বিক্রির আয় এবং অন্যান্য উৎস থেকে ঋণের মাধ্যমে করা হবে। তবে আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক, ভ্যাট ও অগ্রিম আয়কর নির্ধারিত আইন অনুযায়ী বিপিসিকে আলাদাভাবে পরিশোধ করতে হবে, যা অনুমোদিত এই ক্রয়মূল্যের অন্তর্ভুক্ত নয়।
