নাশকতা মোকাবিলায় মাঠে নামল বিএনপির বিশেষ টিম
নিজস্ব প্রতিবেদক:
দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি।
এ লক্ষ্যে পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। টিমের সদস্যরা ইতোমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে সাংগঠনিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা ধরে রাখাও এই টিমের অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষ করে ডিসেম্বর মাস সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড।
বিশেষ টিমে দায়িত্বে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তারা এই সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। এছাড়া এই টিমকে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে বিএনপির হাইকমান্ড। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তৃণমূল নেতাদের সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার কঠোর নির্দেশনা রয়েছে দলটির পক্ষ থেকে।
ইতোমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিশেষ টিমের সদস্যরা। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা দ্রুত কাটিয়ে ওঠার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন দায়িত্বশীল নেতারা।
পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার সভাপতি-সম্পাদক বা আহ্বায়ক-সদস্য সচিব এবং নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও নির্বাচিত সংসদ-সদস্যদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দ ও সংসদ-সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে।
বিশেষ টিমের দায়িত্বে থাকা একজন নেতা জানান, পাঁচ সদস্যের টিমের কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হবে। একই সঙ্গে কেন্দ্রের সঙ্গে জেলা ও উপজেলা নেতৃত্বের যোগাযোগ আরও বাড়ানো হবে। উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত রয়েছে।
বিএনপির নেতারা মনে করছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শুধু কেন্দ্রীয় নির্দেশনা দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। এজন্য জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় যোগাযোগ এবং সমন্বয় জোরদার করা অত্যন্ত জরুরি। স্থানীয় পর্যায়ে কোনো সন্দেহজনক তৎপরতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে অবিলম্বে প্রশাসনকে জানাতে হবে। কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো ধরনের সংঘাতে না জড়ান, সে বিষয়েও বারবার সতর্ক করা হচ্ছে।
বিশেষ করে আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বাড়তি সতর্কতা বজায় রেখেছে বিএনপি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা এবং বিভিন্ন স্থানে ঘটে চলা সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে দলটি।
গোপালগঞ্জসহ কয়েকটি এলাকায় সহিংসতা এবং শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন বাস্তবতায় দলীয় নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় রাখার পাশাপাশি রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ-সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। সংসদীয় দলের সভায় তিনি অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকার তাগিদ দেন। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরও মাঠপর্যায়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
