শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টিকারীদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক:
শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা তাদের চিনি।’
সিরাজদিখান উপজেলার রাজানগরে জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করা হয়েছে। এরপরও গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, কালিয়াকৈর ও আশুলিয়ায় শ্রমিকের নাম ব্যবহার করে একটি চক্র অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে; তাদের চিহ্নিত করা হয়েছে। সরকার আইনি প্রক্রিয়ায়, শান্তিপূর্ণভাবে ও ধৈর্যের সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করবে।
শাপলা চত্বরের ঘটনার মামলা প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে; বিচার হবেই।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা থানা জ্বালিয়েছে, হাসপাতাল জ্বালিয়েছে, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাট জ্বালিয়েছে, তাদের সবাইকে চিহ্নিত করা হয়েছে। সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত উসকানি দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না। ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবারও গড়ে তোলার আহ্বান জানান তিনি।
খতমে নবুওয়ত সম্মেলনের দাবিগুলো প্রসঙ্গে তিনি বলেন, যেসব দাবি আইনের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সবাইকে সঙ্গে নিয়ে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবদুল হামিদের (মধুপুরের পীর) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। এ সময় জেলা প্রশাসক সৈয়দ নূর মহল আশরাফী, পুলিশ সুপার মো. বদরুদ্দোজাসহ আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে মাহফিলে মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল।
