ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ফতুল্লায় ইটভাটা নিয়ে দুই পক্ষের টেঁটাযুদ্ধ, আহত ২০, আটক ৮

প্রকাশিত: 27 November 2026, 11:09 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ইটভাটার দখল, চাঁদাবাজি আর মাটির ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে; আটক করা হয়েছে ৮ জনকে।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর সিপাহীপাড়া ও উত্তর গোপালনগর এলাকায় এ সংঘর্ষ হয়। ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ের ইটভাটাগুলোর নিয়ন্ত্রণ, শ্রমিক সরবরাহের কমিশন ও মাটির ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক পক্ষে রয়েছেন ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ; অন্য পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজী ছামেদ আলী, যিনি সাবেক চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শওকত আলীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষ টেঁটা নিয়ে মুখোমুখি হয়; সংঘর্ষের সময় গুলির শব্দও শোনা গেছে বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে নারীও রয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার শামীম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, একই এলাকায় গত ১০ অক্টোবরও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

মন্তব্য করুন