শেখ হাসিনার অডিও নিয়ে যা বললেন রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক:
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল পেজে শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে একটি অডিও প্রচার করা হয়। তবে এই অডিওটি এক বছর আগের বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
গত শুক্রবার (২৭ নভেম্বর) তিনি তার ফেসবুক পেজে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন শেয়ার করে লেখেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা…’
এদিকে একটি সূত্র জানিয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল পেজে তার সুস্থতার প্রমাণ হিসেবে প্রচার করা অডিওটি অন্তত এক বছর আগের থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের উড়োজাহাজে চড়ে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা—সম্প্রতি রয়টার্সের এমন একটি প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে যেন তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে জানান, যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন, তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তবে বাংলাদেশ সরকার পুনরায় স্পষ্ট করেছে যে, শেখ হাসিনাকে কেবল ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফেরানো সম্ভব। গত বছর বাংলাদেশের একটি আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে অনুপস্থিতিতেই শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে বলেন, ‘হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী, একজন পলাতক সন্ত্রাসী। তিনি কেবল প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে পারেন, হাতে হাতকড়া পরা অবস্থায় এবং কঠোর নজরদারির অধীনে।’
