নওগাঁর মান্দায় চালু হলো ন্যায্য মূল্যের মাংসের দোকান

জেলা প্রতিনিধি :

ঊর্ধ্বগতির বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে নওগাঁর মান্দায় চালু হয়েছে ন্যায্য মূল্যের মাংসের দোকান। এই দোকানে ১ কেজি গরুর মাংস পাওয়া যাবে মাত্র ৫৫০ টাকায়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে মান্দা উপজেলা পরিষদ সংলগ্ন বাজারে ন্যায্য মূল্যের মাংসের দোকান উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (উএনও) মো. শাহ আলম মিয়া।

উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

ইউএনও মো. শাহ আলম মিয়া জানান, বর্তমানে বাজারে গরুর মাংসের দাম ৭০০ টাকা কেজি। এর ফলে গরিব মানুষদের জন্য মাংস কেনা অনেক কঠিন হয়ে পড়েছে। এই বিষয়টি মাথায় রেখে জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের নির্দেশনায় ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এই দোকানে ২৫০ গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ ১ কেজি পর্যন্ত মাংস কিনতে পারবেন একজন ক্রেতা, যাতে সাধারণ মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী মাংস কিনে খেতে পারে।

প্রথম দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় একটি গরু জবাই করা হবে। পরে চাহিদা অনুযায়ী গরুর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া, সপ্তাহে ১ দিন গরুর মাংস বিক্রির তারিখ নির্ধারণ করা হয়েছে।