নিজস্ব প্রতিবেদক:
শনিবার (১৪ ডিসেম্বর) থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থায়ী থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহানা সুলতানা বলেন, “১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং এর পরে তাপমাত্রা বাড়তে পারে।”
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ জেলায় ১০.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।











