রমজানে ডিম ও মাংসের দাম ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে: মশিউর রহমান

অনলাইন ডেস্ক:

ওয়ার্ল্ড পোল্ট্রি সাইন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সেক্রেটারি মশিউর রহমান আশা প্রকাশ করেছেন যে, আসন্ন রমজানে ডিম ও মাংসের দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। তিনি গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন।

মশিউর রহমান বলেন, “ঈদের আগে চাঁদরাতে বাজারে বেশ চাপ থাকে, পণ্যের চাহিদা বেড়ে যাওয়ার কারণে দামও বাড়ে। তবে, এই বিষয়টি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। দুই দিনের জন্য অতিরিক্ত ডিম উৎপাদন করা যায় না। তবে আমরা আশা করছি, রমজানে ডিম ও মাংসের দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।”

তিনি আরও জানান, “যখন সস্তায় ডিম বিক্রির কথা বলা হয়, তখন অনেকেই প্রশ্ন করেন তা কীভাবে সম্ভব। যেসব দেশ ইতোমধ্যে ইনভেস্টমেন্ট ও ডেভেলপমেন্ট করেছে, তাদের মতো আমাদের দেশেও এই উন্নয়ন হয়েছে। আমরা এখন লেটেস্ট টেকনোলজি নিয়ে কাজ করছি, যা অনেকেরই জানা নেই।”

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বায়োজিদ মুন্সী, ব্রিডার্স এসোসিয়েশনের সভাপতি মাহবুব রহমান, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন প্রমুখ।