সারমিন আক্তার, নওগাঁ :
নওগাঁর সাপাহারে পবিত্র রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রয় কার্যক্রম সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। উপজেলা প্রশাসনের আয়োজন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে জিরো পয়েন্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ন্যায্যমূল্যে মাংস বিক্রির এই কার্যক্রম চলছে।
উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ জানান, পুরো রমজান মাসজুড়ে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলা প্রশাসন একটি সুস্থ সবল ষাড় গরু জবাই করে জনসাধারণের মাঝে ন্যায্য মূল্যে মাংস বিক্রি করছে। “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে এই মাংস বিক্রয় হচ্ছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাংস ক্রেতা নবীবর রহমান বলেন, সাপাহার মাংস বাজারে গরুর মাংস ৭২০-৭৫০ টাকা কেজি দরে বিক্রি হয়, কিন্তু ইউএনও সেলিম আহমেদের আন্তরিক উদ্যোগে তারা ৬৩০-৬৫০ টাকা কেজি দরে উন্নত মানের সুস্থ গরুর মাংস কিনতে পারছেন। এই কারণে সেখানে সব শ্রেণি-পেশার ক্রেতাদের ভিড় লক্ষণীয়ভাবে বেড়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ জানান, তিনি নিজেই গরু কেনা থেকে শুরু করে জবাই এবং মাংস বিক্রয়ের পুরো প্রক্রিয়া তদারকি করছেন, যাতে নিম্ন আয়ের মানুষ সুলভে মাংস ক্রয় করতে পারেন। পবিত্র রমজান মাসে ন্যায্যমূল্যে দোকানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং মাংস সুলভে ক্রয় করতে পেরে উপজেলার সাধারণ নিম্ন আয়ের মানুষ অত্যন্ত খুশি।










