অনলাইন ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন এবং হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “শেখ হাসিনা ভারতে বসে হেট স্পিচ প্রদান করছেন এবং সাক্ষীদের ভয়ভীতি দেখানোর মাধ্যমে বিচারকাজে বাধা সৃষ্টি করছেন।” তাজুল ইসলাম আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগেই সাবেক প্রধানমন্ত্রীকে তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে, কিছু গণমাধ্যম এসব বক্তব্য প্রচার অব্যাহত রাখছে, যা বিচারকাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি উল্লেখ করেন।
“আমরা অনুরোধ করছি, শেখ হাসিনার এসব বক্তব্য প্রচার করা থেকে বিরত থাকতে। যদি এই ধরনের প্রচার অব্যাহত থাকে, তবে আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব,” বলেন চিফ প্রসিকিউটর।
এর আগে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বন্ধে একটি আদেশ জারি করেছিল। প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান ওই আবেদনে উল্লেখ করেছিলেন, শেখ হাসিনার বক্তব্য ‘হেট স্পিচ’ হিসেবে গণ্য হওয়ায় এগুলোর প্রচার বন্ধ করা উচিত।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে একটি শুনানি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে শেখ হাসিনার বক্তব্যগুলোকে বিদ্বেষমূলক হিসেবে বিবেচনা করা হয়েছিল।



















