Friday, October 2, 2026
28 C
Dhaka
Friday, October 2, 2026

দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শান্তিপূর্ণভাবে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, “দেশের জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে বিদ্রোহের মাধ্যমে এইচ এম এরশাদ এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে।”

ঢাকা মেডিকেল কলেজের মিলনায়তনে সোমবার (২০ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শহীদ জিয়া ও বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কখনোই অনির্দিষ্ট থাকবে না, এক সময় তাদের চলে যেতে হবে। যদি তারা শান্তিপূর্ণভাবে ও মর্যাদার সঙ্গে ক্ষমতা ছাড়তে চায়, তাহলে অবশ্যই নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।”

বিএনপির এই নেতা উল্লেখ করেন, তার দল অন্তর্বর্তীকালীন সরকার গঠনের শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছে, তবে তারা বরাবরই চাইছে যে দ্রুত একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক।

তিনি আরও বলেন, “সরকার যদি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে, তবে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে এবং সহযোগিতার সঙ্গে ভবিষ্যৎ সরকারকে সহায়তা করবে এবং দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করবে।”

সরকারের সংস্কার প্রক্রিয়া নিয়ে খন্দকার মোশাররফ বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়। তিনি জানান, বিএনপি সরকারকে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে এবং এখন সরকারের উচিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রস্তাবগুলো চূড়ান্ত করা এবং বাস্তবায়ন করতে উদ্যোগ নেওয়া।

খন্দকার মোশাররফ আরও বলেন, এই বর্তমান প্রশাসন যদি সংস্কার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তবে পরবর্তী সরকার সেগুলো সম্পন্ন করতে পারবে। “তবে, যদি বর্তমান সরকার শান্তিপূর্ণভাবে বিদায় নিতে চায়, তাহলে তাদের অবশ্যই দ্রুত সংস্কারের কাজ শেষ করে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে,” বলেন তিনি।

বিএনপির এই নেতা আরও যোগ করেন, “বাংলাদেশের জনগণ ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করেছিল, কারণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছিল। তবে, যখনই ভোটাধিকার বাধাগ্রস্ত হয়েছে, তখনই দেশের ছাত্র ও জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদ-হাসিনাসহ বিভিন্ন সরকারকে উৎখাত করেছে।”

শেষে, তিনি বর্তমান সরকারকে অনুরোধ করেন, “এসব বাস্তবতা অনুধাবন করে একটি স্থায়ী সমাধানের জন্য অতি শিগগিরই একটি নির্বাচনের ব্যবস্থা করুন।”

চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ প্রথম দ্বিপক্ষীয় সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে পাঁচ দিনের এই সফরে তিনি ঋণের সুদের হার কমানো, পানি প্রবাহ সংক্রান্ত তথ্য বিনিময়, চিকিৎসা সহযোগিতা এবং মিয়ানমার পরিস্থিতির সমাধানে চীনের ভূমিকা বাড়ানোর বিষয়গুলো তুলে ধরবেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে তৌহিদ হোসেন এই সফর করছেন, যা বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষত, গত বছরের আগস্টে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি একটি উল্লেখযোগ্য দ্বিপক্ষীয় সফর বলে মনে করা হচ্ছে।

এই সফরের সময় বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেন দ্বিপক্ষীয় আলোচনা করবেন। এছাড়া, চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক, চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ ও সাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। তিনি বাংলাদেশের পণ্য রফতানি বৃদ্ধির জন্য সাংহাইয়ে চীনা ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ও করবেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সফরের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশ এবং চীন হাইড্রোলজিক্যাল তথ্য বিনিময়ে একটি বাস্তবায়ন পরিকল্পনা স্বাক্ষর করতে প্রস্তুত। বাংলাদেশের তিস্তা নদী প্রকল্পেও চীনের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

এদিকে, এই সফর পূর্ববর্তী সরকারগুলোর সিদ্ধান্ত থেকে সরে আসার একটি উল্লেখযোগ্য চিহ্ন হিসেবে দেখা হচ্ছে। আগে, পররাষ্ট্রমন্ত্রীরা ভারতের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিতেন, কিন্তু এই সফরে চীনকে প্রাধান্য দেওয়া হয়েছে।

অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে, চীন বাংলাদেশের বৃহত্তম বিনিয়োগকারী দেশ। বিশেষত, অবকাঠামো প্রকল্পে ঋণের সুদের হার কমানোর বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তৌহিদ হোসেন এই সফরের সময় ঋণের শর্তাবলী পুনর্বিবেচনার পাশাপাশি, চীনে বাংলাদেশের রফতানি বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণের জন্য আলোচনা করবেন। তিনি চীন থেকে আরও ঋণ সহায়তা এবং বিভিন্ন প্রকল্পে বাজেট সহায়তা পেতে আশাবাদী।

চীনে বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী উদযাপন উপলক্ষে, উভয় দেশ বছরব্যাপী নানা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে। পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেছেন যে, এই সফর দুই দেশের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধি করবে।

রোহিঙ্গা সংকট ও স্বাস্থ্য সহযোগিতার ক্ষেত্রেও আলোচনা হবে। বাংলাদেশ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের সক্রিয় ভূমিকা আশা করে, এবং চীন বাংলাদেশে উন্নত চিকিৎসা সুবিধা প্রদানেও সহযোগিতা করবে।

এছাড়া, বাণিজ্য ভারসাম্যহীনতা মোকাবেলার জন্য চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েও আলোচনা হবে

বাংলাদেশের রাজনৈতিক ঐক্যমত্য গঠনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স, ট্রেসি অ্যান জ্যাকবসন, উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান।

এ সময়, ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, “আমরা জাতি হিসেবে আপনার সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত রয়েছি।” বৈঠকে, প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম, রাজনৈতিক ঐক্যমত্য গঠনের প্রচেষ্টা এবং আগামী সাধারণ নির্বাচনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

জুলাই ঘোষণাপত্রের বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জানান, তিনি আশা করছেন রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির শুরুতে এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাবে। তিনি আরও বলেন, “এই বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য গঠন করা একটি কঠিন কাজ, তবে প্রক্রিয়া শুরু হয়েছে।”

ড. ইউনূস যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানান, সরকার রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হলে, তাদের জুলাই সনদে স্বাক্ষরের জন্য অনুরোধ করবে।

বৈঠকে, ট্রেসি অ্যান জ্যাকবসন সাংবাদিকদের আটক এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার কিছু রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তবে প্রধান উপদেষ্টা বলেন, তাঁর সরকার সকল নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া, সেমিনারে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধান ও বাংলাদেশ-প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা প্রদান এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সমর্থন চান।

এদিকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পোশাক রফতানির আহ্বান জানিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক আমদানি করে, তবে সেটি যুক্তরাষ্ট্রের তুলার রফতানি বৃদ্ধিতে সাহায্য করবে।”

বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

এফটিএ করতে হবে সেই দেশের সঙ্গে, যাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ফার্নিচার শিল্পে সম্ভাবনা ব্যাপক, তবে এই শিল্পের বিকাশে অধিক বিনিয়োগকারীর প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “এই শিল্পে অল্প কিছু প্রতিষ্ঠান নিয়ে ২০৩০ সালের মধ্যে ৫০০ কোটি ডলার আয় সম্ভব নয়।”

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকা শহরে আয়োজিত ‘বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রি: আনলকিং এক্সপোর্ট পটেনশিয়াল’ শীর্ষক সেমিনারে বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, “এই শিল্পে আমাদের অনেক সম্ভাবনা আছে। তাই রাষ্ট্রীয় সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমাদের সকল রিসোর্স একত্রিত করে দ্রুত ফার্নিচার শিল্পকে বিশ্ববাজারে স্থান করে নিতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের বিশ্ববাজার টার্গেট করে ফার্নিচার উৎপাদন বাড়ানোসহ কোয়ালিটির মান নিশ্চিত করতে হবে।” পাশাপাশি, তিনি দেশের অর্থনীতিতে দুর্বৃত্তায়নের বিষয়টিও উল্লেখ করেন এবং বলেন, “বিগত সরকারের আমলে ব্যাংকিং, গার্মেন্টসসহ দেশের প্রতিটি সেক্টরের সম্ভাবনা নষ্ট করা হয়েছে। বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা আমাদের ভবিষ্যতেও বহন করতে হবে।”

এছাড়া, বাণিজ্য উপদেষ্টা বন্ড সুবিধার অপব্যবহার বন্ধ করার উপরও জোর দেন এবং বলেন, “বন্ড ও এফটিএ সুবিধার মাধ্যমে কাজের পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিল্প আরও অনেক দূর এগিয়ে যাবে।”

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “বেশি সংখ্যক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করলে ব্যবসা বাড়বে, এটা ভুল ধারণা। ইউরোপের কিছু দেশের মার্কেটে আমাদের সুযোগ আছে, তাদের সঙ্গে এফটিএ করলে ক্ষতি হতে পারে। এফটিএ করতে হবে সেই দেশের সঙ্গে, যাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে।”

এদিনের সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স এসোসিয়েশনের পরিচালক দেওয়ান আতিফ রশিদ। সেমিনারের সভাপতিত্ব করেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এছাড়া, প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের সাবেক অধ্যাপক আবু ইউসুফ, বুয়েটের ম্যাটারিয়ালস অ্যান্ড ম্যাট্যালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. আহমেদ শরীফ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডিজাইনের ডিন অধ্যাপক ফুয়াদ এইচ মল্লিক, প্রাণ আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান খান চৌধুরী, হাতিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান প্রমুখ।

সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন: মিশা

অনলাইন ডেস্ক:

চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। সম্প্রতি তিনি একটি পোস্টে তার জীবনের দর্শন শেয়ার করেছেন, যেখানে তিনি বলেছেন, “সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন। তবে হাসি মুখে পরিস্থিতি মেনে নিয়ে চেষ্টা করতে দোষ কি? সবাই ভালো থাকুক।”

পোস্টে শেয়ার করা ছবিতে মিশা সওদাগর বেশ হাসিখুশি মেজাজে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন। তার এই চিন্তাভাবনা শেয়ার করার পর, অনুরাগীরা তার প্রতি ভালোবাসা ও সমর্থন জানাচ্ছেন। একজন নেটিজেন সেলিম মন্তব্য করেছেন, “সুন্দর কথা বলছেন বস, ভালো থাকুন আপনিও।” আরেকজন লিখেছেন, “একদম ঠিক কথা। সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন হতে পারে, কিন্তু ইতিবাচক মানসিকতা ধরে রাখা জীবনের পথচলাকে সহজ করে তোলে। হাসিমুখে পরিস্থিতি মেনে নিয়ে এগিয়ে যাওয়াই জীবনের আসল সৌন্দর্য। সবাই ভালো থাকুক, সুখে থাকুকÑএটাই তো সবচেয়ে বড় চাওয়া।”

৯৫০টি চলচ্চিত্রে অভিনয় করা মিশা সওদাগর খলনায়ক চরিত্রে ব্যাপক জনপ্রিয় হলেও, তার ব্যক্তিগত জীবন ও চিন্তাভাবনাও বহু ভক্তের অনুপ্রেরণা হয়ে থাকে।

আবারও নেট দুনিয়ায় সরব হলেন ভাবনা

অনলাইন ডেস্ক:

টিভি নাটক ও চলচ্চিত্রে তার অভিনয়ের দক্ষতায় পরিচিতি পাওয়া আশনা হাবিব ভাবনা সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করা এই অভিনেত্রী এখন নিয়মিত পোস্ট করছেন। সম্প্রতি তিনি কিছু ওয়েস্টার্ন পোশাকে ছবি শেয়ার করেছেন, যেখানে ক্যাপশনে লিখেছেন, “নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমি যোগ্য।”

পোস্টে তিনি আরও বলেন, “আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি, আমিই সেরা। আমি যোগ্য ছিলাম, সেরাটা পাওয়ার জন্য আমি উপযুক্ত। এটি আমার ব্যক্তিগত নীতি যা আমি প্রতিদিন সকালে নিজেকে বলে থাকি অভিনয়ের আগে।”

এই পোস্টটি প্রকাশ করার পর, তার ভক্ত-অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। মাহমুদুল হাসান নয়ন লিখেছেন, “এত কিছু করে ও আলো আসবে বলে ভাবনা থেকে বেরিয়ে আসেন। আলো আর আসবে না আপনার আপা পালিয়েছে।” আরেকজন মন্তব্য করেছেন, “ভাবনা কে দেখলেই ভাবনা বেড়ে যায় ভালোবাসা অবিরাম।” জনি আলি লিখেছেন, “ভাবনা কে দেখলেই ভাবনা বেড়ে যায় ভালোবাসা অবিরাম।”

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের সমর্থন জানিয়ে আলোচনায় আসেন ভাবনা। তারপর থেকেই নানা বিতর্ক তাকে ঘিরে ছিল। হাসিনা দেশ থেকে পালানোর পর, তিনি কিছুদিন গা ঢাকা দেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে দেখা যায়নি। তবে, এবার আবারও তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি জানিয়েছেন, এবং তার ভক্তদের মাঝে সরব হয়েছেন।

জিমিকে নিয়ে ব্যস্ত জয়া

অনলাইন ডেস্ক:

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি তার পোষ্য জিমিকে নিয়ে চিকিৎসকের কাছে গেলেন, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। গত রোববার দুপুরে অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি এবং তার পোষ্য গাড়িতে চড়ে গরম পোশাক পরে চিকিৎসকের কাছে যাচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে জয়া লেখেন, “আমার বাড়ির সবচেয়ে ছোট সদস্য জিমির সঙ্গে আলাপ করুন। আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, কারণ আমাদের দুজনেরই ঠান্ডা লেগে গিয়েছে।”

ভিডিওটি প্রকাশ্যে আসার পর, অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। এক অনুরাগী লিখেছেন, “তোমরা দুজনকেই খুব সুন্দর লাগছে। জানো, আমারও অবস্থা তোমাদের মতো, সর্দি-কাশি হয়ে গেছে, তবে তবুও পার্টি করছি। তোমরা খুব ভালো থাকো, স্বাস্থ্যের যত্ন নাও।”

এদিকে, জয়া আহসান বর্তমানে ‘জিম্মি’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং করছেন, যেখানে তিনি একজন সরকারি চাকরিজীবী নারীর চরিত্রে অভিনয় করছেন। পাশাপাশি, বাংলাদেশ ও ভারত মিলিয়ে মুক্তির অপেক্ষায় তার বেশ কয়েকটি সিনেমা রয়েছে। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ওসিডি’ সিনেমা, এবং বাংলাদেশে মুক্তির তালিকায় রয়েছে ‘জয়া আর শারমিন’ এবং ‘ফেরেশতে’ সিনেমাগুলো।

কাঁদলেন গায়িকা, ভাইরাল ভিডিও

অনলাইন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল সম্প্রতি একটি আবেগপ্রবণ ভিডিও শেয়ার করেছেন, যা নেট দুনিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, শ্রেয়া কাঁদছেন এবং তার সঙ্গে রয়েছেন তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় ও বাবা বিশ^জিৎ ঘোষাল, যিনি ৭০ বছর বয়সী। ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা গেছে, শ্রেয়া গত রোববার রাতে মুম্বাইয়ের কোল্ডপ্লের কনসার্টে উপস্থিত ছিলেন। সোমবার ইনস্টাগ্রামে তিনি কনসার্টের কয়েকটি ছবি এবং ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যায়, শ্রেয়া গান শুনতে শুনতে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং এক সময় চোখ মুছতে দেখা যায়।

ভিডিও শেয়ার করে শ্রেয়া লিখেছেন, “ঠিক করে দাও। কোল্ডপ্লের জন্য একরাশ ভালোবাসা। সবকিছু জানতে শেষ ভিডিও পর্যন্ত সোয়াইপ করুন।” তিনি আরও লেখেন, “এটা আমার দেখা ক্রিস মার্টিন এবং তার ব্যান্ডের দ্বিতীয় কনসার্ট। মুম্বাইয়ে তারা ম্যাজিক করেছেন! তাদের গান শুনে চোখের পানি আটকাতে পারলাম না।”

শ্রেয়া আরও জানান, তার ৭০ বছর বয়সী বাবা কনসার্টটি খুব উপভোগ করেছেন, এবং এই অভিজ্ঞতা তাদের জীবনের স্মৃতি হয়ে থাকবে। গায়িকা তার পোস্টে বলেন, “আমাকে এবং শিলাদিত্যকে আমাদের সমস্ত স্মৃতিতে আবার বাঁচতে দেওয়ার জন্য ধন্যবাদ।” এছাড়াও, অন্যান্য ভিডিওগুলোতে শ্রেয়াকে কোল্ডপ্লের ‘আ স্কাই ফুল অব স্টারস’, ‘ফিক্স ইউ’ এবং ‘প্যারাডাইস’ গানে নাচতে দেখা গেছে।

ডোয়ইন জনসনের দুই মেয়ের কান্ড !

অনলাইন ডেস্ক:

বাবাকে সাজাতে গিয়ে ডোয়ইন জনসনের দুই মেয়ে কী হাল করেছে, তা দেখে হাসি থামাতে পারছেন না অনুরাগীরা। হলিউড সুপারস্টার ডোয়ইন জনসন, যাকে ‘দ্য রক’ নামে জানেন সবাই, তার দুই কন্যা জ্যাজি ও টিয়া বাবাকে সাজানোর সময় পুরো মুখেই আই শ্যাডো মাখিয়ে দেয়। চোখের বদলে সারা মুখে মাখানো এই মেকআপে জনসন পুরোপুরি সিরিয়াল বা কার্টুনের দৈত্যের মতো দেখাচ্ছিলেন।

জনসন এই মজাদার মুহূর্তের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন। শনিবার ভিডিওটি ধারণ করেন তিনি, আর পরদিন পোস্ট করেন। মাত্র এক রাতেই ভিডিওটি ৩ লাখ ৮৪ হাজারের বেশি লাইক পায় এবং ১৯ হাজারের বেশি মানুষ শেয়ার করেন। ভিডিওর মন্তব্যে ২৩ হাজারেরও বেশি অনুরাগী প্রশংসায় পঞ্চমুখ হন। অনেকেই মন্তব্য করেছেন, ‘মেয়ের বাপ হলে এমনটা তো হবেই’ বা ‘খুব ভালো বাবা আপনি’।

ভিডিওর ক্যাপশনে জনসন লেখেন, “আমার দুই টর্নেডো, জ্যাজি ও টিয়া কী করেছে দেখুন। বলল, বাবা, তোমাকে একটু আই শ্যাডো দিতে পারি? আমি বললাম, দাও, কিন্তু জলদি করো, সুন্দর করে করো, জিমে যেতে হবে।”

শিশুকন্যাদের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করে সাবেক রেসলিং তারকা আরও লেখেন, “আমি জানি, ওরা সবসময় ছোট থাকবে না বা বড় হয়ে বাবার সাথে সময় কাটাতে চাইবে না, কিন্তু ওরা সবসময় আমার ছোট্ট মেয়ে থাকবে। তাই আমি সারাদিন এই ‘নির্যাতন’ সহ্য করব, বয়ে বেড়াবো।”

শেষবার ২০২৪ সালে ‘রেড ওয়ান’ এবং ‘মোয়ানা-২’ ছবিতে অভিনয় করেছিলেন ডোয়ইন জনসন। আগামী বছরেও ‘মোয়ানা’ সিরিজের নতুন একটি ছবিতে কাজ করবেন তিনি।

মহাখালীতে সিএনজি চালকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মহাখালীতে সিএনজি চালকরা সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিক্ষোভ করেছে। তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই বিক্ষোভে অংশ নেন শত শত সিএনজি চালক। বিক্ষোভের কারণে মহাখালী ও আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়, যা জনসাধারণের জন্য ভোগান্তির কারণ হয়।

বনানী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) রাসেল সরওয়ার জানান, দুপুর সাড়ে ১২টায় মহাখালী-বনানী রোডে সিএনজি চালকরা বিক্ষোভ শুরু করেন। এতে এই ব্যস্ত রাস্তায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরে তারা মহাখালী বিআরটিএ ভবনের সামনে জমায়েত হন।

সিএনজি চালকরা তাদের দাবি তুলে ধরে বলেন, বিনা কারণে সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা যাবে না এবং পার্কিংয়ের উপর থাকা বিধিনিষেধও তুলে নিতে হবে। তারা জানায়, তাদের দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

ওসি রাসেল সরওয়ার বলেন, বিক্ষোভটি দুপুর ২টার মধ্যে শেষ হয় এবং এরপর রাস্তায় স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

সর্বশেষ খবর

মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপসনামা

0
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন শুনানিতে ভুক্তভোগীর পরিবারের...