Friday, October 2, 2026
28 C
Dhaka
Friday, October 2, 2026

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন: নতুন রং নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুনভাবে পুলিশের জন্য লৌহ রঙের, র‌্যাবের জন্য সবুজ জলপাই এবং আনসারের জন্য সোনালী গম রঙের পোশাক নির্ধারণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভার পর এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “আমরা পুলিশ, র‌্যাব ও আনসারদের জন্য তিনটি নতুন পোশাক নির্ধারণ করেছি, যা ধীরে ধীরে পরিবর্তন করা হবে। যেসব পুরোনো পোশাক রয়েছে, সেগুলো আস্তে আস্তে বদলে ফেলা হবে।” পোশাক পরিবর্তনকে কেন্দ্র করে অর্থ সংকুলানের কোনো বড় সমস্যা হবে না বলেও জানান তিনি।

এছাড়া, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনীর জন্য সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস কেনা হচ্ছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “সীমান্তে সবসময় প্রাণঘাতী অস্ত্রই দেওয়া ছিল। কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন, বিজিবি কেন সাউন্ড গ্রেনেড বা কাঁদানে গ্যাস ব্যবহার করেনি। এটি তাই ছিল, কারণ তাদের কাছে এসব অস্ত্র নেই।”

বিজিবির জন্য এসব অস্ত্র ক্রয়ের অনুমতি দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “প্রাণঘাতী অস্ত্র তাদের কাছে ছিল, তবে সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাসের মতো অস্ত্র তাদের কাছে ছিল না, এজন্য এগুলো কিনতে তাদের অনুমতি দেয়া হয়েছে।”

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৮ জানুয়ারি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করার পর বিজিবি এগুলো ব্যবহার না করার বিষয়ে উপদেষ্টা বলেন, “বিজিবির কাছে এসব অস্ত্র ছিল না, কিন্তু এখন তারা এটি পাবে।”

বাংলাদেশে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের বিষয়ে তিনি বলেন, “আগে একটি সার্কুলার দিয়েছিলাম যে ৪৯ হাজার ২২৬ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছিল। এখন তা কমে ৩৩ হাজার ৬৪৮ জনে এসেছে। তাদের সময়সীমা ৩১ জানুয়ারি শেষ হবে।” তিনি আরও জানান, এসব বিদেশির মাধ্যমে ১০ কোটি ৫৩ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।

পুতুলের ডব্লিউএইচও’র পদ বাতিলের দাবিতে দুদকের চিঠি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে অপসারণের জন্য স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার পাঠানো এই চিঠিতে পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ তুলে ধরে তার ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ বাতিলের জন্য কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন রোববার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের বলেন, সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম ভেঙে অবৈধভাবে ১০ কাঠা প্লট জালিয়াতির মাধ্যমে সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করা হয়। তার মা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হুকুমের আসামি করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, পুতুলের বিরুদ্ধে ‘সূচনা ফাউন্ডেশন’ নামক প্রতিষ্ঠান চালিয়ে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া ফাউন্ডেশনের নামে উপার্জিত অর্থ করমুক্ত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব বিস্তার করার বিষয়ও চূড়ান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে।

দুদকের চিঠিতে সতর্ক করে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তিনি ডব্লিউএইচও’র সম্মানজনক পদে দায়িত্ব পালন করছেন, যা বাংলাদেশের মর্যাদার জন্য ক্ষতিকর এবং দেশের সুনামকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এছাড়া, দুদকের মহাপরিচালক আক্তার হোসেন আরও জানান, বর্তমান আওয়ামী সরকারের সময়ে প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এবং তার স্ত্রীর বিরুদ্ধে ২৩ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক।

কোটা বাতিলের দাবিতে ঢামেকের শিক্ষার্থীদের শহীদ মিনারে অবস্থান

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রেখে প্রকাশিত ফলাফলের প্রতিবাদে আজ ২০ জানুয়ারি, সোমবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁরা অবিলম্বে ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে স্লোগান দেন। শিক্ষার্থীরা ‘অবিলম্বে ফলাফল বাতিল করো’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘মেডিকেলের ফলাফল-পুনঃপ্রকাশ করতে হবে’ ইত্যাদি স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

এই আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন নিটোরের সহযোগী অধ্যাপক ডা. ইদ্রিস আলী। তিনি বলেন, “আমার ছেলে বা মেয়ে ৭৩ পেয়ে মেডিকেলে চান্স পাচ্ছে না, অথচ মুক্তিযোদ্ধা কোটায় ৩৬ বা ৩৭ পেয়ে চান্স পেয়ে যাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশে কেনো এই বৈষম্য থাকবে? আমরা এই ফল মানি না।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রয়োজনে ঢাকা মেডিকেলসহ সারাদেশের সব মেডিকেলের শিক্ষার্থীরা এই আন্দোলনে নামবে। সুতরাং, এই আন্দোলনকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। আজকের মধ্যেই ফলাফল বাতিল করতে হবে।” আন্দোলনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও শিক্ষকরা এসে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান।

এর আগের দিন ১৯ জানুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা কোটা পদ্ধতির বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে ভিসি চত্বর, টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়, সেখানে তারা কোটাবিরোধী স্লোগান দেন।

ডিবির অভিযানে সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মোস্তফা জালাল মহিউদ্দিনকে মোহাম্মদপুর এলাকা থেকে ডিবি গ্রেপ্তার করেছে। তবে, তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানাতে পারেননি তিনি।”

এদিকে, সূত্র জানিয়েছে যে, মহিউদ্দিনকে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং ২০২২ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বর্তমান সভাপতি এবং ১৯৮১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০০৮ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

গাজায় ১৫ মাসের যুদ্ধের পর যুদ্ধবিরতি শুরু, বন্দি বিনিময় চুক্তি কার্যকর

অনলাইন ডেস্ক:

টানা ১৫ মাসের বেশি যুদ্ধের পর গাজায় রবিবার সকাল থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রথম দিনে ইসরায়েলি তিন নারী বন্দিকে হামাস মুক্তি দেওয়ার পর, নারী ও শিশুসহ ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বন্দির মধ্যে অন্যতম একজন খালিদা জাররার। তিনি রাজনীতিবিদ ও অধিকৃত পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) নেতা।

 

ফিলিস্তিনি রাজনীতিবিদ খালিদা জাররার

সোমবার (২০ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

রোববার (১৯ জানুয়ারি) যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে হামাস রেড ক্রসের কাছে তিন ইসরাইলি জিম্মিকে হস্তান্তর করে। পরে তাদেরকে ইসরাইলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

চুক্তি অনুযায়ী, একজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ৩০ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে তেল আবিব। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে পশ্চিম তীর ও জেরুজালেমের ৬৯ নারী এবং ২১ কিশোর রয়েছে বলে জানিয়েছে হামাস।

নানা ঘটনা শেষে ইসরায়েলের গাজায় যুদ্ধবিরতি কার্যকর করেছে ইসরায়েল। গতকাল রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এ ঘোষণা দেয়। গাজায় স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিট থেকে যুদ্ধবিরতি শুরু হয়।

 

পোশাক হচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর

File photo

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সংস্কার এবং তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল। অবশেষে র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র ইউএনবিকে এই তথ্য নিশ্চিত করেছে। সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন পাওয়া যেতে পারে বলে জানা গেছে।

সরকার পতনের পর প্রথম সাত দিন পুলিশের উপস্থিতি ছিল না। এরপর, বাহিনীটিকে পুনরায় সচল করার জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনীর সংস্কারের মধ্যে পোশাক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। সরকার পতনের পরদিন থেকেই পুলিশ সদস্যরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন এবং ইউনিফর্ম পরে দায়িত্ব পালনে অস্বস্তির কথা জানিয়েছিলেন।

নতুন মামলায় সাবেক মন্ত্রিসভার ১৬ সদস্যসহ ২০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৬ জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে হাজির করা হলে, গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন: সাবেক মন্ত্রী সালমান এফ রহমান, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, চৌধুরী জাহাঙ্গীর আলম, মো. জুলহাস, সাব্বির আহমেদ স্বপন, এবং সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা।

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, সুত্রাপুর, খিলগাঁও, কোতোয়ালি, উত্তরা পশ্চিম, আদাবর, ভাষানটেক, এবং কাফরুল থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। বিশেষ করে, সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার ৪টি ও মোহাম্মদপুর থানার একটি মামলায়, আনিসুল হককে যাত্রাবাড়ী থানার ৭টি, মোহাম্মদপুর থানার একটি এবং খিলগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে কোতোয়ালি থানার একটি ও উত্তরা পশ্চিম থানার একটি মামলায়, এবং সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আদাবর থানার মামলায় নতুন করে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে।

দেড় ঘণ্টার চেষ্টায় মিরপুরে বাটার শো-রুমে’র আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকা মোড়ে বাটা শো-রুমে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রোববার রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি বাসস’কে জানান, খবর পাওয়ার পর মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে রাত ৪টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নেভানো হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বাসস’কে জানান, অগ্নিকাণ্ডের স্থানে বাটার শো-রুমের দোকানটি নিচতলায় ছিল, এবং উপরের দুটি রেস্টুরেন্টে ক্ষয়ক্ষতি হয়েছে।

চালের দাম না কমায় ভারত থেকে চাল আমদানি

অনলাইন ডেস্ক:

ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় বেনাপোল দিয়ে গত দুই মাসে ৯৬৬২ মেট্রিক টন চাল আমদানি হলেও, বাজারে চালের দাম কমেনি। বরং, যশোরসহ অন্যান্য বাজারে চালের দাম কেজিপ্রতি ৪ থেকে ৫ টাকা বেড়ে গেছে। এই অবস্থায় খাদ্য মন্ত্রণালয় আমদানির সময়সীমা আবারও ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে, যাতে আমদানিকারকরা আরও চাল আনতে পারেন।

বেশ কিছু ব্যবসায়ী ও ক্রেতা জানান, ভারতে চালের দাম বেশি হওয়ায় আমদানির পরও দাম কমানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। স্থানীয় বাজারে এখনো চালের দাম অত্যন্ত উচ্চ, এবং ক্রেতারা এই বিষয়ে ক্ষুব্ধ। যশোরের চৌধুরী রাইস মিলের মালিক রাশেদ চৌধুরী বলেন, “এবারের ধান মৌসুমে ধানের দামও বেশি, কিন্তু চালের দাম তেমন কমছে না।”

বেনাপোল চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, ৮টি প্রতিষ্ঠান গত ১৭ নভেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত এই পরিমাণ চাল আমদানি করেছে। তবে আমদানি ধীরগতিতে হওয়ায় সরকার আরও এক মাস সময় বাড়িয়েছে।

 

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে শুনানি

অনলাইন ডেস্ক:

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে পৃথক তিনটি আবেদন আগামী ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারিত হয়েছে। গতকাল রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন নির্ধারণ করেন।

২০১১ সালের ১০ মে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার রায় দেয়। তবে, আদালত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দেয়।

গত বছরের ২৫ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি। এছাড়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রিভিউ আবেদন করেন।

সর্বশেষ খবর

মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপসনামা

0
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন শুনানিতে ভুক্তভোগীর পরিবারের...