নিজস্ব প্রতিবেদক:
অনলাইনে ঋণের প্রলোভন দেখিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি, ব্ল্যাকমেইল ও অনৈতিক হয়রানির বিষয়ে তীব্র সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অনুমোদনহীন এমন ঋণ অ্যাপ এবং লাইসেন্সবিহীন ২২টি অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্মে যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে সর্বসাধারণকে কড়া নির্দেশনা দিয়েছে দেশের আর্থিক খাতের এই নিয়ন্ত্রণ সংস্থা।
সম্প্রতি প্রকাশিত এক সতর্কবার্তায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, অনলাইনে ঋণ দেওয়ার নাম করে পরিচালিত কিছু মোবাইল অ্যাপ ইনস্টল ও নিবন্ধন করলেই ব্যবহারকারীর ফোনে থাকা কন্টাক্ট নম্বর, ব্যক্তিগত ছবি, ভিডিও ও ক্ষুদে বার্তার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে অ্যাপ পরিচালনাকারীদের হাতে। পরবর্তী সময়ে এসব সংবেদনশীল তথ্য অপব্যবহার করে অর্থ দাবি, ব্ল্যাকমেইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গ্রাহকদের চরম হয়রানি করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, তাদের পূর্বানুমোদন ছাড়া কোনো অ্যাপের মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি। ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া এ ধরনের আর্থিক কার্যক্রম পরিচালনা করা নিষিদ্ধ এবং একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী এটি সরাসরি শাস্তিযোগ্য অপরাধ। বিজ্ঞপ্তিতে আরও হুঁশিয়ার করা হয়েছে, এসব অ্যাপ পরিচালনাকারীরা যেমন ফৌজদারি অপরাধ করছেন, তেমনি জেনেবুঝে এসব মাধ্যমে লেনদেন করা ঋণগ্রহীতারাও অপরাধের সহযোগী হিসেবে গণ্য হতে পারেন।
এর পাশাপাশি লাইসেন্স ছাড়াই পরিচালিত ২২টি অবৈধ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্মের বিরুদ্ধেও জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্টের শনাক্ত করা প্ল্যাটফর্মগুলো হলো—বহুদূরপে, জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়াক, একে পে, বিডি পে, সাজঘরপে, আস্থাপে/সিপে, উদ্যোক্তাপে, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত এবং পিপড়াপে।
আইন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পেমেন্ট সেবা দিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। তাই গ্রাহকদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা বজায় রাখা এবং আইনি জটিলতা এড়াতে এসব অনুমোদনহীন প্ল্যাটফর্মে লেনদেন করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।











