আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক:

তাঞ্জানিয়ার আরুসায় ১৫৩তম আইপিইউ সম্মেলন হবে। এ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

 

রোববার (০৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।

 

পরে জাতীয় সংসদের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামী ৫ থেকে ৯ অক্টোবর তাঞ্জানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে আগামী ৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউয়ের গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচন করবে।

 

এ সফরে স্পিকারের সঙ্গে আছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সরওয়ার জামাল নিজাম এমপি, এ. ই. সুলতান মাহমুদ বাবু এমপি, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।

 

এছাড়াও আছেন এস কে আজিজুল বারী এমপি, হুমাম কাদের চৌধুরী এমপি, মীর আহমাদ বিন কাসেম এমপি, সানসিলা জেবরিন এমপি এবং রোকেয়া বেগম এমপি। উল্লেখ্য, আইপিইউ সম্মেলন শেষে আগামী ১১ অক্টোবর স্পিকার দেশে ফিরে আসবেন।